দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হচ্ছে
বৃহস্পতিবার দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৬তম জন্মদিন পালন করা হচ্ছে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসাবে পালন করছে। এ লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু জাদুঘরে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
হবিগঞ্জে গ্রেনেড বিস্ফোরণে নিহত আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া এবং কন্যা নাজলী কিবরিয়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে তারা কিবরিয়ার খুনিদের বিচারের দাবিতে প্রতি বৃহস্পতিবারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ধানমণ্ডি এলাকায় একটি মৌন মিছিল বের করে।
আমির হোসেন আমু, ওবায়দুল কাদেরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতা মিছিলে অংশ নেন।
দেশের বিভিন্ন জেলা থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের খবর আসছে।
