২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক বর্হিভূত বাধা মালয়েশিয়ায় রপ্তানিতে প্রধান অন্তবায়

আমদানি সংক্রান্ত লাইসেন্স ও পারমিট ইস্যু এবং কৃষিজাত পণ্য ও খাদ্য সামগ্রীর জন্য বিশেষ মানদন্ডের মতো শুল্ক বর্হিভূত বিষয়গুলো মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্য রপ্তানি করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

কুয়ালালমুরে বাংলাদেশী ব্যবসায়ীরা জানান, মালয়েশিয়ার বাজার তুলনামূলকভাবে মুক্ত কিন্তু এর সর্বোচ্চ সুবিধা নিতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশী রপ্তানিকারকরা। কুয়ালালামপুরের বুজট বিনতাগ মার্কেটের মধ্যম পর্যায়ের এক বাংলাদেশী ব্যবসায়ী মোহাম্মদ কামাল জানান, বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যে সম্পর্কে মালয়েশিয়ার ধারণা বেশ কম।

তিনি বলেন, যেহেতু বাণিজ্যিক কার্যক্রমগুলো বেশিরভাগই চীনারা দেখাশুনা করে, তাই চীনের সাথে বাণিজ্যের পরিমানও বেশি। অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে আর রয়েছে ভারতীয়দের প্রাধান্য। তাই চীনের পর ভারতের সাথেও বাণিজ্যের উল্লেখযোগ্য পরিমান লক্ষণীয়।

কুয়ালালামপুরের কোটারিয়া এলাকার আরেক বাংলাদেশী ব্যবসায়ী নিপু জানান, মালয়েশিয়ায় ব্যবসার সুযোগ রয়েছে। এখানে ব্যবসা ধরতে হলে বাংলাদেশ ও মালয়েশিয়া উভয়ের বাণিজ্যিক সংস্থাগুলোর মধ্যে আরো যোগাযোগের দরকার রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার শফি ইউ আহমেদ বিডিনিউজকে বলেন, মালয়েশিয়ায় বাণিজ্যের পরিধি বাড়ছে, কিন্তু বাংলাদেশের পক্ষে নয়। কেননা বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা খুবই সীমিত। তিনি বলেন, মালয়েশিয়ায় আমরা কিছূ উচ্চ মূল্যের রপ্তানি পণ্যের বাজার খুঁজছি । এর মধ্যে রয়েছে চামড়াজাত দ্রব্য, সিরামিক ও ঔষধ সামগ্রি । আমরা দু দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত ব্যবধান দূর করার চেষ্টা করছি।

২০০৩-০৪ অর্থ বছরে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমান ছিল ৮ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ওই সময় মালয়েশিয়া থেকে আমদানি করা হয় ২৫৪ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার পরিমান পণ্য। ওই অথ-বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল মালয়েশিয়ার অনুকূলে প্রায় ২৪৫ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে সম্প্রতি জুলাই-ডিসেম্বর ২০০৪ সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয় ৪ দশমিক ৫০মিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া থেকে আমদানি করা হয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বরাবরই মালয়েশিয়ার অনুকূলে। দুদেশের মধ্যে ১৯৯৮-৯৯ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ছিল ৭২ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার, ১৯৯৯-২০০০ অর্থ বছরে ৯৯ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার, ২০০০-০১ অর্থ বছরে ১৩৮ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার, ২০০১-০২ অর্থ বছরে  ১৩৭ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০০২-০৩ অর্থ বছরে ১৬৪ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ থেকে সাধারণত যে সব পণ্য মালয়েশিয়ায় রপ্তানি হয়, সেগুলো হলো, তৈরি পোশাক, নীটওয়্যার, পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, মাছ এবং রাসায়নিক সামগ্রি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে চিংড়ি, কাকড়া, চামড়া, ঔষধ, প্রক্রিয়াজাত দ্রব্য, ক্যামেরা যন্ত্রাংশ, টেক্সটাইল কাপড়, কৃষিজাত পণ্য, সিরামিক, তামাক, আলু, আয়রন চেইন, অপটিক্যাল এবং সায়েন্টিফিক যন্ত্রাংশ এবং বেভারেজ সামগ্রি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে।

অন্যদিকে, মালয়েশিয়া থেকে প্রধান আমদানিকৃত পণ্যগুলো হলো, টেক্সটাইল, প্লাস্টিক সামগ্রি, বেইস মেটাল, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং রাসায়নিক সামগ্রি।

১৯৯৮ সালের পর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি কখনও বেড়েছে, কখনও কমেছে। অন্যদিকে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে আমদানির পরিমান ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১৯৯৮-৯৯ অর্থ বছরে রপ্তানি আয় ছিল ৮ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, ১৯৯৯-২০০০ অর্থ বছরে ৬ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার, ২০০০-০১ অর্থ বছরে ৯ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, ২০০১-০২ অর্থ বছরে ৭ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার, ২০০২-০৩ অর্থ বছরে ৪ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০০৩-০৪ অর্থ বছরে ৮ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

মালয়েশিয়া থেকে বাংলাদেশে ১৯৯৯-২০০০ সালে আমদানি করা হয় ১০৬ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার, ২০০০-০১ অর্থ বছরে ১৪৮ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, ২০০১-০২ অর্থ বছরে ১৪৫ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার, ২০০২-০৩ অর্থ বছরে ১৪৫ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০০৩-০৪ অর্থ বছরে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।