২৫তম বিসিএস পরীক্ষা বাতিলের দাবিতে ছয়টি ছাত্র সংগঠনের মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান
ছয়টি ছাত্র সংগঠন সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোটের ব্যানারে শনিবার সরকারি কর্মচারী কমিশনের চেয়ারম্যানের কাছে ২৫তম বিসিএস পরীক্ষা বাতিলের দাবিতে স্মরকলিপি প্রদান করেছে।
তারা বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একটি বিশাল মিছিল পিএসসির দিকে রওয়ানা হয়। পুলিশ চারুকলার সামনে মিছিলটিকে থামিয়ে দেয়।
বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি বলরাম পোদ্দার ও রফিকুল ইসলাম কোতোয়ালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল পিএসসি ভবনে গিয়ে পিএসসির চেয়ারম্যান জেডএন তাহমিনা বেগমের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
২৫তম বিসিএস পরীক্ষার ২৬ ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত গণিত ও দৈনন্দিন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বেশ কটি ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রছাত্রীরা ওই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে।
চারুকলার সামনে মিছিলটিকে পুলিশ থামিয়ে দিলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং পাঁচটি বামদলের ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোট সেখানেই সমাবেশ করে।
সমাবেশে ছাত্রনেতারা পিএসসির চেয়ারম্যান জেডএন তাহমিদা বেগমের পদত্যাগ দাবি করে বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের নেতা আবু আব্বাস ভূঁইয়া ও মিজানুর রহমান মিজানের মুক্তি দাবি করেন। ১৪ ফেব্র“য়ারি ভালবাসা দিবসে টিএসসিতে বোমা বিস্ফোরণের ঘটনার দায়ে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি দেলোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান হিমু, জাসদ ছাত্রলীগের সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রধারার সভাপতি মাহফুজ আক্রাম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন, ছাত্রসমিতির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদসহ আরও অনেকে এ সমাবেশে উপস্থিত ছিলেন।
