মালয়েশিয়ায় ৮ বাংলাদেশী গ্রেফতার
মালয়েশিয়ায় দেশজুড়ে অবৈধ শ্রমিকদের গ্রেফতার অভিযানে ৮ বাংলাদেশীকে আটক করা হয়েছে। পুত্রজায়া থেকে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানায়, বুধবার দেশব্যাপী এ অভিযানে ৮ বাংলাদেশীসহ ৫৬৩ জন অবৈধ বিদেশী শ্রমিককে আটক করা হয়।
প্রবাসী কল্যান ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মেজর (অবঃ) এম কামরুল হাসান বিডিনিউজকে বলেন, মালয়েশিয়া সরকারের ক্ষমা ঘোষণার পর যারা দেশে ফিরে আসেনি তাদের ব্যাপারে আমাদের কোনও দায় দায়িত্ব নেই।
তিনি আরও বলেন, যে ৮,০০০ বাংলাদেশী শ্রমিক ফিরে এসেছে তাদেরকে আবারও পাঠানোর ব্যাপারে আমরা মালয়েশিয়া সরকারের সাথে চুক্তি করার ব্যাপারে কাজ করব।
মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সবচে’ বেশি সংখ্যক অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। এরমধ্যে ইন্দোনেশিয়ার ৩৭০ জন এবং ফিলিপাইনের রয়েছে ১০৮ জন অবৈধ শ্রমিক। এছাড়া ফ্রান্সের ২৩, থাইল্যাণ্ডের ১৬, ব্রিটেনের পাঁচ, নেপালের চার, পাকিস্তানের তিন, আমেরিকার দুই, ভিয়েতনামের দুই, ইতালির এক এবং ক্রোয়েশিয়ার একজন রয়েছে।
