২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল পণ্যের যোগ্যতা নিয়ে বিকেএমইএ ও বিজিএমইএ ভিন্ন অবস্থানে

টেক্সটাইল পণ্যের যোগ্যতা এবং ডব্লিউটিও খসড়া চুক্তির পর বিশ্ব বাজারে এর টিকে থাকার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছে তৈরি পোশাক খাতের বৃহৎ দু’টি সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক বলেন, জিএসপি সুবিধার কারণে আমাদের নিটওয়ার পণ্য  ইউরোপে ভালো অবস্থানে রয়েছে। এছাড়া চীনা পণ্যের ওপর কোটা পদ্ধতি চাপিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রেও অবস্থান ভালো।

বাংলাদেশ নিটওয়ার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, ডব্লিউটিও চুক্তিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা না পাওয়া সত্ত্বেও আমাদের নিটওয়ার পণ্য বিশ্ব বাজারে টিকে থাকতে সক্ষম হবে।

সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ডব্লিউটিও সম্মেলনের চূড়ান্ত খসড়া ঘোষণায় স্বল্পোন্নত দেশের ৯৭ ভাগ পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়া হয়। তবে টেক্সটাইল পণ্যকে এর আওতার বাইরে রাখা হয়।

এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, বাণিজ্য বিশেষজ্ঞ ও বিজিএমইএ আশংকা করছে, বাংলাদেশের টেক্সটাইল পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পেতে ব্যর্থ হওয়ায় এ শিল্পে ব্যাপক ধস নামবে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়ন জিএসপি সুবিধা প্রত্যহার করে নিলে আমাদের নিটওয়ার পণ্য বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তবে চীনা পণ্যের ক্ষেত্রে শর্ত আরোপ করায় যুক্তরাষ্ট্রে নিটওয়ার পণ্য রপ্তানি বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বিডিনিউজকে বলেন, এর মানে বিশ্ব বাজারে টিকে থাকার মতো অবস্থান আমাদের তৈরি হয়নি।

বিজেএমইএ’র সাবেক সভাপতির সাথে ভিন্ন মত পোষণ করে বিকেএমইএ সভাপতি বলেন, বিশ্ব বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে নিটওয়ার পণ্য। 

তিনি বলেন, চীনা পণ্যের ওপর শর্তারোপ করার আগেও যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের নিটওয়ার পণ্য ভালো ব্যবসা করেছে। চীনা পণ্যের ওপর শর্তারোপ করার আগেই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানি ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফজলুল হক বলেন, টেক্সটাইল পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার না পাওয়ায় এ খাতে দুর্যোগ নেমে আসবে এ ধরনের প্রচারণার মাধ্যমে একটি গোষ্ঠী সরকারকে ব্লাকমেইল করতে চাচ্ছে। 

আনিসুল হক বলেন, বিশ্ব বাজারে টিকে থাকার মতো যোগ্যতা বৃদ্ধি করতে হলে এখাতে সরকারি অনুদান, উন্নত প্রযুক্তি এবং সর্বোপরি উন্নত অবকাঠামো প্রয়োজন।