২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় আহত ৪০ জনেরও বেশি ময়মনসিংহে চিকিৎসাধীন

নেত্রকোণায় বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় আহত ৪০ জনেরও বেশি লোক এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (এমএমসিএইচ) চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার চিকিৎসার জন্যে আরও তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো- ইমু (৭), রাসেল হাসান সুমন (২০) এবং নেত্রকোণা জেলা স্পোশাল ব্রাঞ্চের সদস্য কিবরিয়া (৩০)।

এমএমসিএইচ চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে মুন্নাকে (২০) ঢাকার বক্ষ হাসপাতালে এবং বিমল সাহাকে (৪০) নগরীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।

হাসপাাল সূত্র জানায়, শুক্রবার এমএমসিএইচ চিকিৎসাধীন সুদীপ্তা পাল (২৮) নামে বোমা হামলায় আহত আরও একজন মারা গেছে।

এরআগে বৃহস্পতিবার এমএমসিএইচ এ তিনজন এবং নেত্রকোণা হাসপাতালে চারজন মারা যায়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া যায়নি। অপরজনের নাম রাশেদুল। তার বাড়ি  নেত্রকোণা সদরে।

নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইতোমধ্যে শুক্রবার ১৪ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এমএমসিএইচ এ আহতদের দেখতে যান। তারা আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

এ সময়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বেগম মতিয়া চৌধুরী, কেএম জাহাঙ্গীর, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং সাবের চৌধুরী, গণফোরামের সাঈফ উদ্দিন আহমেদ মানিক, জাসদের মঈনুদ্দিন খান বাদল এবং ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান উপস্থিত ছিলেন।