২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিক্ষুদ্ধ জনতা কুপিয়ে হত্যা করেছে ডাকাত সর্দারকে, ৪ গ্রামবাসী গুলিবিদ্ধ 

কুষ্টিয়ার দৌলতপুরের বিক্ষুদ্ধ জনতা কুপিয়ে হত্যা করেছে এক ডাকাত সর্দারকে। ডাকাতদের গুলিতে এ সময় চার গ্রামবাসী গুলিবিদ্ধ হয়। নিহত ডাকাত সর্দারের নাম জংলু ওরফে কাবিলা (৩৫)।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বুধবার ভোর চারটার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাহিরচরের ইসমাইল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গভীর রাতে ইসমাইলের বাড়ীতে ১৫- ১৬  জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা এ সময় পালাতে গিয়ে গ্রামবাসীর উপর ২০/২২ রাউন্ড গুলি ছুড়ে। একসময় ডাকাতদের গুলি ফুরিয়ে গেলে ডাকাত সর্দার জংলু ও নিজামকে ধরে ফেলে জনতা। বিক্ষুদ্ধ জনতা এ সময় ডাকাত সর্দার জংলুকে কুপিয়ে হত্যা করে উল্লাস করতে থাকে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত ডাকাত সর্দার জংলুর বাড়ি একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের গুড়েরপাড়া গ্রামে।

এদিকে ডাকাতদের গুলিতে রুহুল (২৫), ইসমাইল (৩৮), আনু (৩০) ও জব্বার (৩৪) গুলিবিদ্ধ হয়। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।