বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার
সারাদেশের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারপতি নিহত হওয়ার একদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)এর সুইসাইড স্কোয়াড’র আত্মঘাতি বোমা হামলায় ঝালকাঠিতে সোমবার সকালে জেলা আদালতের দু’জন সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ (৩৫) ও জগন্নাথ পাঁড়ে (৩৮) নিহত হয়।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, বিচারক এবং ম্যাজিস্ট্রেটরা যখন যেখানেই যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেস্থানে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি রাজধানীতে অবস্থিত বিচারকদের বাসভবনেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সুইসাইড স্বোয়াড ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)’র সদস্যদের দ্রুত আটক করতে আইন প্রয়োগকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও প্রতিমন্ত্রী যে কোন মূল্যে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গীদের নেতা এবং তাদের সহযোগীদের গ্রেফতারের নির্দেশ দেন। বৈঠকে ১৭ আগস্ট বোমা হামলার মামলা পর্যালোচনা করা হয়।
বৈঠকে জানান হয় ১৭ আগস্ট সারাদেশ জুড়ে ধারবাহিক বোমা হামলার একশিশু সহ তিনজন নিহত ঘটনায় মোট ১১৬ টি মামলা দায়ের করা হয়েছে।
এসকল মামলায় পুলিশ এপর্যন্ত শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এপর্যন্ত ৪০০ জনকে গ্রেফতার করেছে।
২৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৭ আগস্ট সারাদেশ জুড়ে ধারবাহিক বোমা হামলার ঘটনায় চার্জশীট প্রদানকৃত মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালের আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়।
মামলা স্থানান্তরিত হওয়ার দুই মাসের মধ্যে বিচার নিস্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজেপি) আব্দুল কাইয়ুম, ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের কমিশনার (ডিএমপি) এসএম মিজানুর রহমান এবং র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার।
