২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের অতীত সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম সার্কের অতীত সিদ্ধান্তগুলোর ফলপ্রসূ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তিনি শনিবার ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের প্রথমদিনের অধিবেশনে বলেন, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, ঘোষণা অনুমোদন করা হচ্ছে, কার্যপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। কিন্তু এসব বাস্তবায়নে আশানুরূপ পদক্ষেপ নেয়া হয়নি।

মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, অতীতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও বাস্তাবায়নের পথে অন্তরায়গুলো দূর করার মধ্য দিয়ে আমরা সার্কের তৃতীয় দশক শুরু করতে চাই।

গাইয়ুম পরিবেশগত কারণে সৃষ্ট সমস্যা সমাধানে গতি সঞ্চারের ব্যাপারে পরামর্শ দেন। তিনি সুনামি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্কতামূলক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত সুনির্দিষ্ট আঞ্চলিক সার্ক কর্মসূচির ওপর জোর দেন।

১৯৯৭ সালের অক্টোবরে মালদ্বীপের রাজধানী মালেতে সার্ক দেশগুলোর পরিবেশ মন্ত্রীদের সম্মেলনে পরিবেশ বিষয়ক কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়, যা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

মালদ্বীপের রাষ্ট্রপতি আরও বলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি স্বাধীন সার্ক মানবাধিকার কেন্দ্র প্রতিষ্ঠার এখনই উপযুক্ত সময়। তবে তা নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে পরিচালিত হবে।