মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর মাঝামাঝি স্থানে রোববার সকালে বিপরীত মুখী দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দু’ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
কুমিল্লা থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে কুমিল্লাগামী ময়নামতি পরিবহনের একটি বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
নিহত দু’জনই পুরুষ এবং তাদের একজনের বয়স (৩৫) ও অপর জনের বয়স (২৬)। আহতদের মধ্যে তিন জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি সাত জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
দুর্ঘটনার পরপর আরও দু’টি বাস দুর্ঘটনা কবলিত বাস দু’টির ওপর হুমড়ি খেয়ে পড়ে। এসময় মহাসড়কে প্রায় দু’ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
