টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫
টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন খারিন্দায় মঙ্গলবার সকাল ১০টায় একটি যাত্রীবাহী বাস ও জীপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই মহিলাসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বগুড়া থেকে ঢাকাগামী বাসের (ঢাকা মেট্রো-চ-১৯৯৯) সাথে ঢাকা থেকে পাবনাগামী পাজেরো জীপের (ঢাকা মেট্রো-ঘ-১১-০০১৬) মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
জীপটি সড়কের পাশে ২০ ফুট নিচে খাদে পড়ে এবং বাসটি সড়কের উপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বেসরকারি সংস্থা সমতা’র নির্বাহী পরিচালক আবদুল কাদেরের পুত্রবধূ কণা (২২), মেয়ে শিল্পী ও জীপের চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই এবং পুত্র আবদুল লতিফ (৩৫) হাসপাতালে মারা যায়।
আবদুল কাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
