২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ মাসের ব্যবধানে ক্রসফায়ারে দুইভাই নিহত

১৪ মাসের ব্যবধানে রাজধানী ও মাদারীপুরে পৃথক ক্রসফায়ারে দুই ভাই নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ছোটভাই শেখ লিয়াকত আলী ওরফে লেকু শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে এবং গত বছরের ২০ জুলাই পুলিশের ক্রসফায়ারে বড়ভাই মজিবর রহমান ওরফে গলাকাটা মজিবর মারা যায়।

সূত্র জানায়, র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার শীর্ষ সন্ত্রাসী লেকুকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে র‌্যাব লেকুকে মাদারীপুরে নিয়ে যায়।

তার স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করতে র‌্যাব সদস্যরা লেকুকে নিয়ে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি গ্রামে অভিযান চালায়।

র‌্যাব সদস্যরা ওই গ্রামে গ্রামে পৌঁছলে লেকুর সদস্যরা তাকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে গুলি শুরু করে। এ সময়ে পাল্টা গুলি করলে ক্রসফায়ারে পড়ে লেকু নিহত হয়।

লেকুর বড় ভাই গলাকাটা মজিবর গত বছরের ২০ জুলাই রাজধানীর রেলওয়ে হাসপাতালের সামনে ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়।

রাজধানী ও গ্রামে বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় দুভাইয়ের নামই পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ ছিল।

এলাকাবাসী জানায়, লেকু অস্ত্রের ভয় দেখিয়ে বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় এবং রাজৈর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে ক্ষমতার অপব্যবহার করে।

পাশ্ববর্তী খলিয়া ইউনিয়নের অপর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা বিডিনিউজকে জানান, লেকুর মৃত্যুর পর এলাকার মানুষ মুক্তির নিশ্বাস ফেলেছে।