লালমনিরহাটে অনাহারে মারা গেলেন বৃদ্ধা আছিয়া বেওয়া
লালমনিরহাট পৌরসভার দালালটারী গ্রামে বুধবার অনাহারে মারা গেছেন আছিয়া বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা।
বৃদ্ধার মেয়ে রাজমিস্ত্রীর সহযোগী নুরজাহান (৪০) জানান, গত ১১ দিন ধরে তার মা অনাহারে অর্ধহারে থেকে বুধবার মারা গেছেন। তিনি আরও জানান, অন্যের জায়গায় আশ্রিতা হিসেবে ঝুপড়ি ঘর তুলে তার মা’র সাথে বসবাস করতেন। কয়েকদিনের বৃষ্টিতে কাজে যেতে পারেননি। ফলে অর্থ কষ্টের কারণে খাদ্য সংগ্রহ করা যায়নি।
নুরজাহান আরও জানান, সাহায্যের জন্যে স্থানীয় কমিশনার বাদশার কাছে গিয়েছিলেন। কিন্তু বয়স্ক ভাতার কার্ড না থাকায় ভিজিএফ, ভিজিডি বা বিশেষ ভিজিডি কার্ড দেওয়া হয়নি। তবে কমিশনার বাদশা জানিয়েছেন, আছিয়াকে কার্ড না দেওয়া হলেও তার মেয়েকে একটি কার্ড দেওয়া হয়েছে।
এদিকে অভাবী মানুষের মধ্যে বিতরণের জন্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্ষয়রাতি চাল গরীব মানুষের মধ্যে বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
