২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু বিস্তার রোধে সরকার দাতা সংস্থার সহায়তা চাইবে

দেশে বার্ড ফ্লুর বিস্তার রোধ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা চাওয়ার পরিকল্পনা করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল করিম জানান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই সহযোগিতার প্রস্তাব দেওয়া হবে।

বিডিনিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্যে আমাদের উন্নয়ন অংশিদারদের কাছে অনুরোধ জানাব।

সহযোগিতার পরিমান সম্পর্কে তিনি বলেন, প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারব। মন্ত্রণালয় বর্তমানে প্রস্তাবটি চূড়ান্ত করছে।

দাতারা যে সমস্ত ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে সেগুলো হলো-টিকাদান, দূষণ রোধ, কর্মচারি ও কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ল্যাবরেটরি ও টেস্টিং সুবিধা প্রদান।

এক প্রশ্নের জবাবে তিন বলেন, বার্ড ফ্লু বিস্তার রোধে দাতারা সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স ইতিমধ্যেই পোল্ট্রি শিল্পের জৈব নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে টাস্কফোর্সটি গঠন করা হয়েছে। পোল্ট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদেরও টাস্কফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টাস্কফোর্সটি মূলত জনগণের মাঝে বার্ড ফ্লু সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে কাজ করবে। যাতে তারা অন্য দেশের মুরগি থেকে নিজেদের দূরে রাখতে পারে।

এর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সংস্থা জানিয়েছিল, বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে মুরগি আমদানি করে তাই তাই দেশটি সম্ভাব্য বার্ড ফ্লু ঝুকির মধ্যে রয়েছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ভাইরাসের বিস্তার ঘটেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সারা বিশ্বের প্রায় ১৫ কোটি মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করতে পারে।