২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের চুরি করা ভিজিএফ-এর চাল উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাহার আলী শিকদার স্বল্প মূল্যে বিক্রির জন্যে দেওয়া ভিজিএফ-এর চাল চুরি করতে গিয়ে ফেসে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলিপ কুমার বণিক সোমবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়ি থেকে লুকিয়ে রাখা ছয় বস্তা চাল ও আটটি খালি বস্তা উদ্ধার করেছেন।

জানা গেছে, রোববার রাতে চেয়ারম্যানের ভাগ্নে শাহীনের নেতৃত্বে সেলিম ও রুহুল আমিনসহ কয়েক ব্যক্তি ইউপি কার্যালয় থেকে বেশ কয়েক বস্তা চাল সরিয়ে নেয়। তারা ওই চাল পার্শ্ববর্তী গাউস শেখের বাড়িতে লুকিয়ে রাখে।

স্থানীয় গজালিয়া ক্যাম্পের পুলিশ বিষয়টি জানতে পেরে ইউএনও দিলিপ কুমার বণিককে জানায়। সকালে তিনি পুলিশ নিয়ে ওই বাড়ি তল্ল¬াশী করে চাল ও খালি বস্তা উদ্ধার করেন।

ইউএনও দিলিপ কুমার বণিক জানান, যে স্থান থেকে চাল উদ্ধার করা হয়েছে, সেখানে এই চাল থাকার কথা নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চাল চুরির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাহার আলী শিকদার বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কেউ তাকে ফাঁসাতে এ কাজ করেছে।