উখিয়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, আহত ১৪, ৮ ডাকাত গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় শনিবার গভীর রাতে পুলিশের সাথে ডাকাত দলের ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধের পর পুলিশ অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে। বন্দুক যুদ্ধে পুলিশ ও ডাকাতসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই ডাকাতের অবস্থা আশংকাজনক।
দু’জনেরই একটি করে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ ডাকাত দলের কাছ থেকে তিনটি এল.জি, একটি অত্যাধুনিক কাটা রাইফেল, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি, সাত রাউন্ড কার্তুজ, চার রাউন্ড কার্তুজের খোসা এবং ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে। উখিয়ার শীলের ছড়া মাঠে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। আহতদের মধ্যে উখিয়া থানার ওসি সিরাজ উল্লাহ ভূঁইয়াও রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুত্র জানায়, উখিয়ার শীলের ছড়া মাঠে ডাকাত দলের ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে পুলিশ রাত প্রায় সাড়ে ১২টায় ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪/১৫ সদস্যের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালাতে শুরু করলে তাদের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপী গুলি বিনিময় হয়। এসময় ওসি সিরাজ উল্লাহ ভূঁইয়া, দুই জন এস.আই, পাঁচ জন কনষ্টেবল এবং ছয় জন ডাকাত আহত হয়। এক সময় ডাকাত দল পিছু হটতে শুরু করলে পুলিশ অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের সাত জনই রোহিঙ্গা এবং এরা মিয়ানমারের মংডু, বুচিদং ও রাটিডং এলাকার বাসিন্দা। সাত জনই আবার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের তালিকাভুক্ত শরণার্থী। এরা হলো, রামু উপজেলার আদর্শ গ্রামের মোঃ আজিজ প্রকাশ পেটাইন্যা (৩০), রোহিঙ্গা ডাকাত মোঃ রফিক (২৫), নুরুল আলম প্রকাশ ভূট্টো (১৯), মোঃ আমির (২০), করিম উল্লাহ (২১), মোঃ আলী (১৯), মোঃ ইদ্রিস (২০) এবং আবদুল খালেক (২৩)।
অপরদিকে গুরুতর আহত ডাকাত আজিজ প্রকাশ পেটাইন্যা ও রফিক্যাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উখিয়া থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
এদিকে পুলিশ রোববার দুপুরে ধৃত আট ডাকাতের ছয় জনকে উখিয়া ষ্টেশনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘুরিয়েছে।
