খুলনায় পুর্ণাঙ্গ টিভি কেন্দ্র চালুর দাবিতে সংবাদ সম্মেলন
আগামী ১৬ ডিসেম্বর খুলনা টেলিভিশন কেন্দ্র থেকে খুলনা অঞ্চলের অনুষ্ঠান সম্প্রচারের দাবি জানিয়েছে খুলনা পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র বাস্তবায়ন ও সাংস্কৃতিক উন্নয়ন লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সরকার তাদের বেঁধে দেয়া তারিখের মধ্যে দাবি পূরণে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির মাধ্যমে খুলনা অচল করে দেয়া হবে।
বক্তারা বলেন, খুলনার খালিশপুরে একটি টেলিভিশন সম্প্রচার কেন্দ্র রয়েছে। পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের লক্ষে পরবর্তিতে সেখানে একটি অবকাঠামো গড়ে তোলা হয়। স্টুডিও এবং যন্ত্রপাতিও সংস্থাপিত হয়। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘদিনেও সেটি পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রের রূপ লাভ করে নি।
পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের গূরুত্ব তুলে ধরতে খুলনার সংস্কৃতি কর্মী ও সুধিজনদের উদ্যোগে এর আগে বেশ কয়েকবার জোরালো আন্দোলন হয়েছে এবং দাবি পুরণ না করা হলে ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে লিয়াজোঁ কমিটির উপদেষ্টা আলহাজ্ব লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মিন্টু, শেখ তরিকুল ইসলাম তরু, সদস্য সচিব সাইদুর রহমান সাইদ প্রমূখ উপস্থিত ছিলেন।
