দু’বছরের মধ্যে দেশে থেকে দুর্নীতি দূরীকরণে সকলকে এগিয়ে আসতে হবে: দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান দুর্নীতিকে দেশের উন্নয়নের বাধা হিসেবে উল্লেখ করে দু’বছরের মধ্যে দেশ থেকে দুর্নীতি দূরীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বুধবার ঢাকা কাস্টমস হাউস ও জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর পরিদর্শনকালে এ আহবান জানান। এসময় কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খাঁনের সঙ্গে ছিলেন কমিশনার (তদন্ত ও অর্থ) মনির উদ্দিন আহমদ।
তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও কাস্টমস হাউসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং বিমানবন্দরের মিলনায়তনে উপস্থিত জিয়ায় কর্মরত সকল এজেন্সির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
এসময় অন্যান্যের মধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর এটিএম হারুন চৌধুরি, কাস্টম কমিশনার নাসির উদ্দিন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার মারগুব আহমেদ, পরিচালক (জিয়া) উইং কমান্ডার হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট বিভিাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিচারপতি সুলতান হোসেন খাঁন বলেন, ঢাকা কাস্টমস হাউস এবং বিমান বন্দর এলাকা দুর্নীতি দমন কমিশনের নজরদারীতে আনা হয়েছে এবং কমিশন থেকে দপ্তরগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করা হবে। দুর্নীতির কোনও ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্টদের আইন অনুযায়ী বিচারের সম্মুখীন হতে হবে।
তিনি বলেন, ¯ ^াধীনভাবেই দুর্নীতি দমন কমিশন মাঠে নেমেছে। এ গুরু দায়িত্ব পালনে আমরা সকলের সহযোগিতা চাই।
কমিশনার মনির উদ্দিন আহমদ ঢাকা কাস্টমস হাউসের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং গত তিন বছর পর পর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় এবং চোরাচালান ও রাজস্ব ফাঁকির পথ বন্ধ ও অফিসের ভাবমূর্তি এবং শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়ায় তিনি প্রশংসা করেন।
কমিশনার বলেন, ঢাকা কাস্টমস হাউসের কর্মকাণ্ড জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন অন্যান্য রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানের জন্যে মডেল হতে পারে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) রিপোর্ট অনুযায়ী চতুর্থ বারের মত দুর্নীতিতে বাংলাদেশের শীর্ষ অবস্থানের উল্লেখ করে কমিশনার বলেন, আর যাতে ওই সংস্থার রিপোর্টে বাংলাদেশকে দুর্নীতির শীর্ষস্থানে দেখানো না যায়, এ লক্ষ্য সামনে রেখে সকলকে কাজ করতে হবে।
