বড়পুকুরিয়া কয়লা খনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠিত
বড়পুকুরিয়া কয়লা খনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অবশেষে রোববার একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটি এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং আগামী দিনে এই খনি থেকে আবার কীভাবে কয়লা উত্তোলন শুরু করা যায়, তার সুপারিশ করবে।
পেট্রোবাংলার মাইনিং ডাইরেক্টরটের সিনিয়র জেনারেল ম্যানেজার মকবুল ই এলাহীকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, আইআইএফসি’র নির্বাহী প্রধান নজরুল ইসলাম এবং খনির উপদেষ্টা প্রতিষ্ঠান এমআইসিএল’র এক কর্মকর্তা।
প্রাথমিক অনুসন্ধানে বড়পুকুরিয়া কয়লা খনির দুর্ঘটনাকে সংশ্লিষ্টদের অবহেলা হিসেবে দেখা হচ্ছে। পেট্রোবাংলার একটি সূত্র বিডিনিউজকে জানায়, গত এপ্রিলে কয়লা উত্তোলনের জন্যে রাস্তা নির্মাণ করার পর তা অরক্ষিত রাখা হয়। আর এখান থেকেই ঘটে দুর্ঘটনার সূত্রপাত।
উৎপাদন শুরুর মাত্র ২০ দিন পর ৩০ সেপ্টেম্বর রাতে খনিতে কার্বন মনো অক্সাইড ও মিথেন গ্যাসের মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে খনিটি সিল করে উৎপাদন বন্ধ করে দিতে হয়।
