নারায়ণগঞ্জে বিদ্যুতের দাবিতে ঝাড়ু মিছিল
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের অচল ছয়টি ট্রান্সমিটার সচল করে বিদ্যুৎ সরবরাহ চালু ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার কয়েকশ’ বিক্ষুব্ধ এলাকাবাসী শহরে ঝাড়ু মিছিল বের করে।
বিক্ষুব্ধ এলাকাবাসী পরে শহরের কিল্লারপুলে অবস্থিত ডেসা অফিস ঘেরাও করে এবং নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক অবরোধ করে রাখে।
বিক্ষুদ্ধ এলাকাবাসী জানায়, কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ছয়টি বৈদ্যুতিক ট্রান্সমিটার দীর্ঘ দুই মাস ধরে অকেজো হয়ে রয়েছে। বিকল ট্রান্সমিটারগুলো সচল করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা প্রায় ৫০ হাজার টাকা ঘুষ নিয়েও তা মেরামত করছে না।
রমজানের শুরুতে বিদ্যুতের অভাবে কাশীপুরবাসীর মধ্যে ভোগান্তি দেখা দেয়। বারবার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছে ধরণা দিয়েও কোনও লাভ হয়নি বলে জানান এলাকাবাসী।
অবশেষে বিক্ষুব্ধ এলাকাবাসী রোববার জুতা ও ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডেসার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে। তারা এক ঘন্টা ধরে নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে পুলিশ ও বিদু্যুৎ বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।
