আবারো নাশকতার আশংকা করছে সরকার
আসন্ন রমজান, দুর্গাপূজা ও সার্ক সম্মেলনকে সামনে রেখে দেশে আবারো বড় ধরনের নাশকতার আশংকা করছে সরকার।
চট্টগ্রাম সার্কিট হাউজে শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের আইন-শৃংখলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আশংকা প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, রমজান, দুর্গাপূজা ও সার্ক সম্মেলন উপলক্ষে কেউ যাতে আবারো ১৭ আগস্টের মতো ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে এ বৈঠক করা হয়েছে।
এ ছাড়া বৈঠকে ১৭ আগস্টের বোমা হামলার তদন্তের অগ্রগতি, সার ও ডিজেল পাচার বন্ধ, রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধ, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ এবং মাদক চোরাচালান বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক সূত্র জানায়, ১৭ আগস্টের বোমা হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যে কোনওভাবে বোমা হামলাকারীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হোসেন, স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, পুলিশের মহা পরিদর্শক আবদুল কাইয়ুম, র্যাবের মহাপরিচালক আজিজ সরকার, চট্টগ্রাম ও সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশের উপ-মহা পরিদর্শক, পুলিশ কমিশনার, এবং এ দুই বিভাগের ১৫টি জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র আরো জানায়, আসন্ন রমজান ও দুর্গাপূজায় প্রতিটি মার্কেট ও মণ্ডপ কর্তৃপক্ষকে সিসিটিভি, মেটাল ডিটেক্টর স্থাপনসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১৭ আগস্টের বোমা হামলার তদন্তে সারা দেশে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি।
