বকেয়া আদায়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডিএসসিসি কর্মকর্তারা
হোল্ডিং ট্যাক্সের বকেয়া ২ কোটি ৪০ লাখ টাকা আদায়ে ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি দল।
বুধবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল হাসপাতালে যান। তারা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহর সঙ্গে দেখা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “দক্ষিণ সিটি করপোরেশনের বকেয়া রাজস্ব আদায়ের জন্য মেয়র মহোদয়ের নির্দেশ রয়েছে। এজন্য আমিসহ রাজস্ব কর্মকর্তা ও কাউন্সিলর সাহেবও এসেছেন। আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সাথে দেখা করেছি। উনাকে বলেছি, গত ২৪ বছরের ট্যাক্স বাবদ ২ কোটি ৪০ লাখ টাকার বকেয়া আছে।”
হাসপাতালের পক্ষ থেকে ১০ লাখ টাকার একটি চেক ডিএসসিসিকে দেওয়া হলেও সিটি করপোরেশন যে পরিমাণ অর্থ দাবি করেছে, তাকে ‘অযৌক্তিক’ বলেছেন জাফরুল্লাহ।
তিনি সাংবাদিকদের বলেন, “গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালকে একটি দাতব্য প্রতিষ্ঠান। সবাই জানেন, এখানে সবচেয়ে কম টাকায় আমরা চিকিৎসা দিয়ে থাকি। এমনকি সরকারের চেয়েও কম টাকায় আমরা এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকি।
“আমাদের দাবি ছিল, ঢাকা মেডিকেল কলেজসহ সরকারি অন্যান্য যেসব হাসপাতাল আছে, তাদের যে হারে ট্যাক্স নির্ধারণ করা হয়, আমাদেরও সেই হারে ট্যাক্স ধরা হোক। কিন্তু উনারা (সিটি করপোরেশন) নগর হাসপাতালটিকে কমার্শিয়াল বিল্ডিং হিসেবে ট্যাক্স ধরেছেন।
“আমরা তো কমার্শিয়াল নই। আমরা সরকারি হাসপাতাল যে হারে ট্যাক্স দেয়, সেই হারে আমরা দিতে চাই।”
তবে ডিএসসিসির রাজস্ব কর্মকর্তারা বলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতাল পুরনো হারে কর দিচ্ছে, যেটা ঠিক নয়।
ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ১৯৯৮-৯৯ সাল থেকে অদ্যাবধি হোল্ডিং ট্যাক্স বাবদ ২ কোটি ৪০ লাখ টাকা বকেয়া পড়েছে। সিটি করপোরেশন এই পর্যন্ত বহুবার চিঠি দিয়ে বকেয়া পরিশোধের জন্য বলেছে। কয়েকটি চিঠি দেওয়ার পর গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আপিল করা হয়েছিল, সেই আপিলের নিষ্পত্তির পরে আবারও বকেয়া পরিশোধের জন্য বহুবার চিঠি দেয়া হয়েছে।
“গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় আজকে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করে বকেয়া পরিশোধের জন্য অনুরোধ করি। তিনি ১০ লাখ টাকার একটি চেক দিয়েছেন এবং বাকি টাকা পরিশোধের বিষয়ে বলেছেন, মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলে পরিশোধ করবেন।”
