২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইয়ের বোঝা টেনে আর ‘চলে না জীবন’

বই লিখতে শব্দের জন্য তীব্র বাসনা কাজ করে একজন লেখকের মাঝে, আর সেই বইয়ের বাজার যাতে ভালো হয়, সেই অপেক্ষায় থাকেন ঢাকার বাংলাবাজারের বই কুলিরা।

সাবিকুন্নাহার লিপি সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 12:53 AM

Updated : 25 Oct 2022, 10:55 AM

ক্রেতা সংকটে ধুঁকতে থাকা দেশের এই বৃহত্তম বই বাজার মহামারীর পর কিছুটা ঘুরে দাঁড়ালেও বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় বেচাবিক্রি প্রায় বন্ধের উপক্রম।

গত সপ্তাহে বাংলাবাজারের নর্থব্রুক হল রোডে গিয়ে বিভিন্ন বয়সী কয়েকজনের জটলা দেখা গেল। তাদের সঙ্গে রয়েছে ঝুড়ি, নিজেদের মধ্যে কথা বলছিলেন নানা সমস্যা নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা জানালেন, ঈদের আমেজ তাদের মধ্যে নেই। কাজ না পেয়ে বসে আছেন; অপেক্ষা করছেন কখন বইয়ের বোঝা টানতে হবে তার জন্য।

৮ বছর ধরে বাংলাবাজারে বইয়ের বোঝা টানার কাজ করছেন মানিকগঞ্জের নূর ইসলাম।

তিনি বললেন, “এক মার্কেট থেকে আরেক মার্কেটে বই নিয়া যাই, আরেকজনের বই কারখানা থেকে নিয়ে আসি। এই কাজ করে পোষাচ্ছে না। ৩০ টাকা, ৫০ টাকা- এরাম প্রতি বোঝা পাই, ঠিক নাই কোনো। ২০০- ৩০০ টাকায় সংসার চলে না, আমার লাগে দিনে ৭০০-৮০০ টাকা, তয় না পোষায়।”

মানিকগঞ্জের আরেক কুলি আমজাদ একটি ভ্যান দেখিয়ে বললেন, “এই দ্যাহেন, ভ্যানে করে বই আনে; আমাদের অনেক কাজ কমে গেছে। দৈনিক আয় হয় দুই থেকে তিনশ টাকা। কোনোরকম দিনটা কাটে৷ সব দিন কষ্টেই কাটে৷ দেশেও এখন কাজ পাওয়া যায় না তেমন।”

অবশ্য সারা বছর এমন মন্দা যায় না বাংলাবাজারে। কিছু সময় বেশ রমরমা থাকে। বছরের শুরুতে স্কুল-কলেজের বই, বইমেলার হাওয়া আর মে-জুন মাসে চলে কওমি মাদরাসার বই। তখন বই বিক্রি বাড়ার সাথে সাথে কুলিদের আয় বাড়ে। কিন্তু বছরের বাকি সময়টা কাটে কাজের অপেক্ষায়।

Image
ভ্যানেও বই বহন করায় আয় কমার কথা বলছেন কুলিরা

ভ্যানেও বই বহন করায় আয় কমার কথা বলছেন কুলিরা

এই বইকুলিদের একজন সিরাজগঞ্জের আব্দুল লতিফ বললেন, “যেদিন কামাই রুজি করি, সেদিন খাই; চলি। হারাদিন পরে পকেটে ১০০ টাকা হইল, মেসে দিলাম। আবার কালকে আস, কালকে দুইশ টাকা অইব; খরচ-বরচ বাদে একশ টাকা বাঁচলে বাঁচল, না বাঁচলে নাই৷

“এই টাকা দিয়ে নিজেরাই বাঁচি না, বাড়িতে ক্যামনে পাঠাই টাকা। ঈদে যে পোলা-মাইয়ারে একটা কাপড় কিনে দিয়াম হেই জু (অবস্থা) নাই।”

লতিফের মত ঢাকায় মেসে থাকেন টাঙ্গাইলের হারুন মিয়া। পরিবার-পরিজন আছে গ্রামেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হারুনকে স্বজনদের জন্য উপার্জনের একটা অংশ পাঠাতে হয় গ্রামে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইয়া রইছি। কাজ পাই না৷ মালিকে দিতেও পারে- এই অপেক্ষায়।”

এ শ্রমিকদের ভাগ্যের সুতা ঝুলতে থাকে বাংলাবাজারের বই বিক্রির গ্রাফের ওঠা-নামার উপর। ঈদের আগের বানে এসএসসি পরীক্ষা পেছানোয় কপালে ভাঁজ পড়েছে কুলিদের।

হারুনের কথায়, “পরীক্ষাটা যদি চলত তাহলে আমার কাজটা ভাল চলত। এটা বন্ধ হয়ে গেছে, কোম্পানির বেচাকেনা কমে গেছে। দিনে এখন দুইশ আড়াইশ কামাই।

“যেদিন কামাই-রুজি হয়, হেদিন আল্লাহ ভালোই চালায়; যেদিন কামায় রুজি না হয়, হেদিন নিজেরই চলতে হয়। না খেয়ে বইয়া থাহি, আল্লাহ আর চালায় না। আমাগোর পরিস্থিতি এভাবেই চলছে।“

বইবাজারে এত সঙ্কট থাকার পরও এই পেশা না ছাড়ার কারণ হিসেবে তিনি বলছেন, দীর্ঘদিনের কাজের অভ্যস্ততা আর বইয়ের প্রতি মুগ্ধতা।

“এমন একটা অবস্থা হইছে না পারছি থাকতে, না পারছি সরতে। বইয়ের গন্ধটা ভালো লাগে, আয় কম হলেও এখানেই পড়ে আছি, বেশি হলেও এখানেই আছি”, বলছিলেন হারুন।

Image
পেশায় অভ্যস্ততা আর বইয়ে মুগ্ধতার কারণে অনটনেও পেশা না ছাড়ার কথা জানিয়েছেন বই কুলিদের কেউ কেউ

পেশায় অভ্যস্ততা আর বইয়ে মুগ্ধতার কারণে অনটনেও পেশা না ছাড়ার কথা জানিয়েছেন বই কুলিদের কেউ কেউ

বইয়ের কুলিগিরি করে আর জীবন চলছে না, সে কথা বলতে গিয়ে দীর্ঘশ্বাস ফেললেন কুমিল্লার ইব্রাহিমও।

“বাড়িতে ১০ টাকা পাঠানোর (দরকার) হলে দুই টাকা পাঠাই। এখানে নিজে দুই টাকা দিয়ে চলি। কাম না থাকলে খানা বন্ধ। আমাদের কষ্ট বোঝার কেউ নাই।"

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মেসের খরচাও বেড়েছে, সেই বিল চালিয়ে বাড়িতে টাকা পাঠানোটা কঠিন হয়ে পড়েছে বলে জানালেন সিরাজগঞ্জের জুয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাড়িতে বউ বাচ্চা থাকে। যে আয় হয়, নিজেই চলতে পারি না; তারা কী খায় সেটা ভাবাটাও কষ্টের।

“বর্ষা মৌসুমে কোথাও কোনো কাজ থাকে না। বইয়ের সিজনে এখানে ভালো আয় হয়। সেজন্য বাকি সময়টাতে কম হলেও এখানে পড়ে থাকি, কাজের অপেক্ষা করি। অনেক কষ্ট হয়।”

কেবল কুলিই নয়, বই প্রকাশনা পেশায় অন্যরা খুব একটা ভালো নেই। বাংলাবাজারে ১৩ বছর ধরে বই প্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকা পাবনার বাবুল মিয়ার কথায় সেটাই উঠে আসছিল।

“কাজের উপর টাকা পাই। আমাদের কাজের কোনো স্থায়িত্ব নাই। তার পরও এখানেই পইরা থেকে কাজের অপেক্ষা করি, যদি পাই। চলি গেলি তো এটাও হাত ছাড়া হয়ে যাইব।“

সংশ্লিষ্টরা বলছেন, আগে এখানে যে কর্মযজ্ঞ ছিল, পাঠ্যবই ছাপানোর দায়িত্ব সরকার কাঁধে তুলে নেওয়ায় সেটিও এখন উধাও। তাছাড়া অনলাইনে কেনাবেচার প্রভাবও পড়ছে তাদের পেশায়। এছাড়া অনেকে ভ্যানে করে বই নেওয়ার ফলেও হুমকিতে পড়ছেন কুলিরা।

বাবুল বলেন, “কাজ নাই বসে আছি; আবার একজন ডাক দিব, তখন যাব। একটা প্যাকেট করলে ৩০/৪০ টাকা দেয়। দিনে চার-পাঁচশ আয় হয়। সিজনে হাজার- বারোশ টাকা। এখন যেই ইনকাম হয়- পরিবার ঢাকায় থাকলে চলতে পারতাম না; বাসা ভাড়া, বাজার এসব করে।

“একটা মানুষের চলতে এমনিতেই আড়াই- তিনশ টাকা যায়। মেসে ১৪০ টাকা দেই, দুই বেলা খাবার দেয়। হোটেলে খাই নাস্তা, সকালে হোটেলে খেলেও ৪০, ৫০ টাকা যায় নরমাল খাবারেই। আর এমনে হাত খরচ তো আছেই৷”

ধামরাইয়ের বাসিন্দা আব্দুর রহমানের বইয়ের সঙ্গে সখ্য ২০ বছর ধরে। তিনি বইয়ের বোঝা বহন করার সঙ্গে সঙ্গে প্যাকিংয়ের কাজও করেন। নিজের জীবনের কথা বলতে গিয়ে আবাসনের জন্য লড়াইয়ের কথা জানালেন।

“রাতে এখানে মার্কেটেই থাকি; বইয়ের মার্কেট পাহারা  দিই। এটার জন্য কোনো টাকা পাই না, তবে ফ্রিতে তো থাকতে পারি।”

তবে বইয়ের সাথে সর্বক্ষণ থাকলেও পড়তে না পারার আক্ষেপ উঠে এলো আব্দুর রহমানের কন্ঠে৷

বললেন, “বই নিয়ে তিন তলা, চার তলায় উঠতে হয়৷ অনেক পরিশ্রম। কিন্তু বইটা পড়তে পারি না, অনেক দুঃখ লাগে। বইটা যখন ছুঁই, তখন মনে হয়- যদি একটু পড়তে পারতাম।

“এক হচ্ছে- সময় পাই না, আরেক হল- বই পড়তে পারি না। কিন্তু ছেলে-মেয়েদের বই কিনে দিই; তারা পড়ে, তাদের আগ্রহ আছে। খালি বোঝাই টানলাম, পড়তে পারলাম না।”