ফের পেছাল এস কে সিনহার প্লট দুর্নীতি মামলার প্রতিবেদন
ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও এক দফা পিছিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ আগামী ৩০ অগাস্ট প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ঠিক করে দেন।
এদিন প্রতিবেদন দাখিলের দিন থাকলেও দুর্নীতি দমন কমিশন- দুদক তা দিতে পারেনি। যে কারণে তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের আদালত নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার।
এ মামলায় দুদক এর আগেও প্রতিবেদন দিতে না পারায় কয়েক দফা সময় পেছানো হয়েছে।
গেল বছর ৭ অক্টোবর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় এস কে সিনহার বিরুদ্ধে ঢাকার উত্তরায় ‘বেআইনিভাবে’ প্লট বরাদ্দ নিয়ে নয়তলা ভবন করার অভিযোগ আনা হয়েছে।
পাশাপাশি তিনি ‘অবৈধভাবে অর্জিত’ ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ নিজের ভাই এবং আত্মীয়ের নামে স্থানান্তর করেছেন বলে দুদকের ভাষ্য।
ফাইল ছবি
মামলার এজাহারে অভিযোগ, এসকে সিনহা ক্ষমতার ‘অপব্যবহার’ করে ভাই ও নিজের আত্মীয়ের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন, যার কোনো ‘বৈধ উৎস’ নেই বা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
গত বছর ৯ নভেম্বর চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় পৃথক দুই ধারায় এসকে সিনহাকে ১১ বছর কারাদণ্ড দেন আদালত ঢাকার একটি আদালত।
আরও খবর
