ঝরে গেলেন ‘ফাইটার’ গাউসুল, ‘লিডার’ হওয়া হল না
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাত দিন ধরে লড়লেন গাউসুল আজম, কিন্তু হার মানতে হল অগ্নিনির্বাপক বাহিনীর এই কর্মীকে।
এসএসসি পাস করে ‘ফায়ার ফাইটার’ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দিয়েছিলেন সাতক্ষীরার গাউসুল। ইচ্ছা ছিল পদোন্নতি নিয়ে ‘লিডার’ হওয়ার, সেজন্য পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই স্বপ্নের অকাল মৃত্যু ঘটল।
গত ৪ জুন রাতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগলে তা নেভাতে সহকর্মীদের সঙ্গে সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে ছুটে গিয়েছিলেন গাউসুল (২৩)।
সেখানে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়েছিল তাকে। অবস্থার অবনতি দেখে হেলিকপ্টারে উড়িয়ে ঢাকায় এনে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
দেহের ৮০ ভাগজুড়ে আগুনের জখম নিয়ে আইসিইউতে ছিলেন গাউসুল। সেখানেই রোববার ভোররাতে জীবন থেকে বিদায় নেন তিনি।
শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে গাউসুল আজমের মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তার মামাত ভাই রাসেল হোসেন, ভগ্নিপতি মিজানুর রহমান ও সহকর্মীরা।
টানা সাত দিন সবকিছু ভুলে গিয়ে গাউসুল আজমের পাশে থেকেছেন মিজানুর। শ্যালকের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি।
গাউসুল আজম
গাউসুলের পরিবার বলতে আছে তার বৃদ্ধ বাবা-মা, বোন-ভগ্নিপতি, স্ত্রী কাকলী খাতুন এবং ৬ মাস বয়সী সন্তান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে ছিলেন গাউসুলই।
শেষ গোসলের পর গাউসুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে লাশ নিয়ে বাড়ির পথে রওনা হন স্বজনরা।
গাউসুলের বাড়ি সাতক্ষীরার মাগুরা গ্রামে হলেও তার পরিবার এখন যশোরের মনিরামপুরে থাকেন। লাশ সেখানেই দাফন হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মামাত ভাই রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাউসুলের স্বপ্ন ছিল একদিন তিনি ফায়ার ফাইটার থেকে লিডার হবেন। সেজন্য তিনি নিজেকে একটু একটু করে প্রস্তুতও করছিলেন।
পরিবারের হাল ধরতে এসএসসি পাসের পরই গাউসুলকে চাকরিতে ঢুকতে হয়েছিল জানিয়ে রাসেল বলেন, “ও ছাড়া কেউ তো নাই ইনকাম করার…গাউসুল এসএসসি পাসের পর চাকরিতে ঢুইকা পদোন্নতির জন্য আবার উন্মুক্ততে ভর্তি হইয়া ইন্টার পাস করছে। কারণ ও চাইছিলো লিডার হইবে। লিডার হওয়ার জন্য ইন্টার পাশ করা লাগে।”
মর্গে সামনে উপস্থিত ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ইউনুস আলী জানান, লিডার হওয়ার জন্য শুধু এইচএসসি পাস করলেই হয় না, ১৪-১৫ বছরের অভিজ্ঞতাও লাগে।
তিনি বলেন, “আমরা ভাবছিলাম সুস্থ হয়ে যাবে। সেজন্য গাউসুলের ওয়াইফকেও নিয়ে আসি নাই আমরা। ওয়াইফ আসলে ছোট বাচ্চাসহ তার কন্ডিশনটা খারাপ হয়ে যাবে। ভাবছিলাম রিকভারি করলে নিয়ে আসবো, কিন্তু সে তো আর হলো না।”
মাত্র দেড় বছর আগেই বিয়ে করেছিলেন গাউসুল। এই বছরই সন্তানের মুখ দেখেন তিনি।
চাকরিতে থাকলে লিডার হওয়ার জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ গাউসুলের ছিল। কিন্তু বিএম ডিপোতে আগুনে তা আর হল না।
ওই কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের নয়জন কর্মী সেদিনই নিহত হন। এক ঘটনায় এত প্রাণহানি আর কখনও এই বাহিনীতে ঘটেনি। অভিযোগ রয়েছে, ডিপোতে যে রাসায়নিক রয়েছে, তা সেখানকার কর্তৃপক্ষ না জানানোয় ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাণ সঙ্কটে পড়ে।
ইউনুস বলেন, “এই ব্লাস্ট যদি ঢাকায় হইতো, তাইলে আপনার সামনে আজ আমি হয়ত দাঁড়াতে পারতাম না। ওটা রিমোট এরিয়া হওয়ায় ওখানে অফিসাররা কম থাকে। আর ঘটনার দিন ওখানের অফিসার ইন চার্জ ট্রেনিংয়ে ছিল। যদি উনি থাকতেন, সবার আগে হয়ত উনি মারা যেতেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচাইছে। তারপরও তো লিডার মারা গেছে ২ জন।”
তিনি আরও বলেন, “কন্টেইনার ব্লাস্ট হওয়ার কারণে আশেপাশে যা ছিল, সব শরীরে ঢুকছে। কংক্রিট, লোহার টুকরা, কাঠের টুকরা, সব ঢুকছে। আর কেমিকেলের ধোঁয়া ইনহেল করলে তো ভেতরটা এমনি পুড়ে যায়।”
ইউনুস জানান, গাউসুলের চিকিৎসার ব্যয় বহন করেছে সরকার, কিন্তু এখন দাফন-কাফনের সমস্ত ব্যয় বহন করছে ফায়ার সার্ভিস।
তবে তিনি বলেন, বিএম ডিপো থেকে প্রাণ হারানো ফায়ার ফাইটারদের পরিবার প্রতি ১৫ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও এখনও তা পাওয়া যায়নি।
অন্যরা ক্ষতিপুরণ পেয়েছে কি?
রোববার ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা রোগীদের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউ কেউ শ্রম মন্ত্রণালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিক সহযোগিতা পেলেও সবাই এখনও তা পাননি।
হাসপাতালে ভর্তি কভার্ড ভ্যানচালক মোহাম্মদ রুবেলের স্ত্রী বিবি মরিয়ম বলেন, “মাইনষের সহযোগিতায়, ধার কর্জ কইরা আমার সংসার চলতেছে অহন। গতকালকে কোম্পানি (বিএম ডিপো কর্তৃপক্ষ) ৫ হাজার টাকা দিয়া গেছে হাত খরচা। আর প্রথমদিন তারা ৫ হাজার দিছিলো। এই দিয়াই চলতেছি।
“সবাই নাকি চেক পাইছে, আমারটা আমি অহনও পাই নাই। ডিসি অফিস থেকেও আমি কোনো সাহায্য পাই নাই।”
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক ফায়ার সার্ভিস কর্মীকে রোববার বিকালে তেজগাঁও বিমানবন্দর থেকে নেওয়া হচ্ছে শেখ হাসিনা বার্ন ইউনিটে। ছবি: আসিফ মাহমুদ অভি
রুবেলের দেহের ১৫-১৬ শতাংশ পুড়লেও চোখে সমস্যা দেখা দিয়েছে জানিয়ে তার স্ত্রী বলেন, “চোখে অনেক বেশি প্রোবলেম, ড্রপ দিলেও সে ঝাপসা দেখে। আর নিচের অংশ অহনো শুকায় নাই। আমি জানি না আমি কেম্নে আমার সংসার চলবে।”
আইসিইউতে থাকা আরেক কভার্ডভ্যানচালক নজরুল ইসলামের ভাই রেজাউল ইসলাম জানান, তারাও বিএম ডিপো কর্তৃপক্ষের দেওয়া ৫ হাজার টাকার বাইরে আর কোনো অর্থ পাননি।
রেজাউল বলেন, “আমার ভাই প্রথমে চট্টগ্রাম পার্ক ভিউ হসপিটালের আইসিইউতে ছিল, এখানে আসার পর পোস্ট অপারেটিভে রাখছিলো তারা। বলছে আইসিইউ লাগবে না। কিন্তু ৩ দিন আগে রাত্রে তার শ্বাসে সমস্যা দেখা দিছে, তাই আইসিইউতে পাঠাইছে। চট্টগ্রাম থেকে বলা হইছিলো আমার ভাইয়ের শরীরের ৮০% পুড়ছে, কিন্তু এখান থেকে বলছে ২০%।
“এখানে তো চিকিৎসার খরচ, মেডিসিনের খরচ, সব সরকার দিতেছে। কিন্তু ঢাকা আসা অবধি পর্যন্ত ওনারা (কভার্ডভ্যান পরিচালনাকারী কোম্পানি শারমিন গ্রুপ) হেল্প করছে। পার্ক ভিউতে ১ দিন থাকায় ২২ হাজার টাকা লাগছে, সেটা ওনারা দিছে, আনার সময় আইসিইউ অ্যাম্বুলেন্সের ভাড়াও ওনারা দিছে। এছাড়া আমরা এখনও কিছু পাই নাই, চাইও নাই।”
মাসে ৮ হাজার টাকা বেতনে কভার্ডভ্যান চালাতেন নজরুল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে আগুন লাগার পর শত শত কন্টেইনার পোড়ার সঙ্গে দফায় দফায় ঘটে বিস্ফোরণ। ছবি: সুমন বাবু
এদিকে শরীরের ৭ শতাংশে আগুনের ক্ষত নিয়ে ভর্তি সাইফুল ইসলাম শরীফের সঙ্গে রয়েছেন তার বড় ভাই আরিফ এবং তাদের বৃদ্ধ বাবা।
আরিফ নিজেও কভার্ডভ্যান চালান। আর ভাই শরীফ কভার্ডভ্যানের মালামাল ওঠানামার কাজ করেন। ভাইয়ের অগ্নিদগ্ধ হওয়ার খবর যখন আরিফ পান, তখন তিনি ফেনীতে। গাড়ি রেখে তিনি ছুটে যান চট্টগ্রামে। পরে ভাইকে নিয়ে আসেন ঢাকায়।
আরিফ বলেন, “ওর বেতন ছিল ৬ হাজার...শুধু মাল লোড-আনলোড করতো। চিটাগাং গেলে গাড়িতে ও একাই থাকতো, লং রুটে চালাইতো না। আর আমি আছি মধুমতিতে, তেজগাঁও স্ট্যান্ডে। আমার এক ট্রিপে ৩ হাজার আসে, সময় লাগে ৩-৬ দিন। তাতে মাসে ১৬-১৮ হাজার থাকে।
“কিন্তু আজকে ৯ দিন ধইরা আমাদের ইনকাম বন্ধ। শ্রম মন্ত্রণালয় থেকে আজকে ৫০ হাজার টাকার চেক আসছে ওর নামে, অইটা তো ভাঙ্গাইতে পারি নাই এখনও। এমনিতে ডিসি অফিস থেকে ২৫ হাজার টাকা দিছিলো, অইটা দিয়া চলতেছি। আর ৫ হাজার টাকা পাইছি কাল।”
