সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য ক্ষতিপূরণের যত ঘোষণা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি কন্টেইনার টার্মিনালে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতদের জন্য বিভিন্ন অঙ্কের ক্ষতিপূরণের ঘোষণা এসেছে সরকার থেকে।
পাশাপাশি বিএম কন্টেইনার টার্মিনালও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি সংসদে জানিয়েছেন বিএনপি নেতা হারুনুর রশীদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বিষয়ে সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার টার্মিনালে শনিবার রাতে আগুন লাগে, ঘটে বিস্ফোরণ; পুড়ে যায় রপ্তানির পণ্যবোঝাই কয়েকশ কন্টেইনার।
অগ্নিকাণ্ডে মোট ৪১ জনের মৃত্যুর খবর এসেছে, যার মধ্যে অন্তত আটজন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী। আহত হয়েছে দুই শতাধিক ব্যক্তি, যাদের বেশিরভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরাও আছেন। ছবি: সুমন বাবু
ক্ষতিপূরণে সরকারি ঘোষণা
হতাহতদের জন্য নগদ এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। নিহতদের দাফন-কাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসায় এ অর্থ ব্যয় করা হবে বলে রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাতে বলা হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে ১ হাজার শুকনো খাবারের প্যাকেটও বরাদ্দ দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত শ্রমিকদের ২ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই অর্থ সহায়তা দেওয়ার নির্দেশনা দেন।
আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তাও দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।
শ্রমিক কল্যাণ তহবিল থেকে দ্রুত আর্থিক সহায়তা দিতে হতাহতদের তথ্য সংগ্রহের জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠনকরা হয়েছে।
রোববার সকালে ডিপোতে গিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো আশরাফ উদ্দীন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং প্রাথমিকভাবে আহতদের ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুনে শত শত কন্টেইনার পুড়েছে। রাসায়নিক থাকায় দফায় দফায় বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। ছবি: সুমন বাবু
নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ডিপো কর্তৃপক্ষ
বিএম কন্টেইনার কর্তৃপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএম কন্টেইনারের মালিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী এই তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১০ লাখ টাকা করে, গুরুতর আহত বা অঙ্গহানির শিকার হওয়া ব্যক্তিদের ছয় লাখ টাকা এবং কম আহতদের প্রত্যেককে চার লাখ টাকা করে দেওয়া হবে।
এছাড়া নিহতদের মধ্যে কারও পরিবারে শিশু থাকলে সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে বিএম কন্টেইনারের পক্ষ থেকে। আহতদের চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানিটি।
২৪ একর জায়গা জুড়ে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোটির যাত্রা শুরু ২০১১ সালে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ বিনিয়োগে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নেদারল্যান্ডসের বার্ট প্রঙ্ক ও ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।
এ ডিপোতে পোশাক, খাদ্য প্রক্রিয়াজাত খাতের পণ্যসহ বিভিন্ন ধরনের আমদানি ও রপ্তানি পণ্যের কন্টেইনার জাহাজীকরণ ও পরিবহনের জন্য প্রস্তুত করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের তথ্য অনুযায়ী, তারা দুইশজন রোগীকে চিকিৎসা দেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরাও আছেন। ছবি: সুমন বাবু
আওয়ামী লীগ নেতারা হাসপাতালে
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড আহতদের কয়েকজনকে ঢাকায় এনে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রোববার সেখানে গিয়ে আওয়ামী লীগ নেতা নানক সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
“তিনি ঢাকায় চিকিৎসাধীন ও চট্টগ্রামে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসা মনিটরিং করছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষা উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নির্দেশ দিয়েছেন সেখানে (চট্টগ্রামে) সার্বক্ষণিক থাকার জন্য।”
প্রধানমন্ত্রীর নির্দেশে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে সরেজমিনে যাচ্ছেন বলেও নানক জানান।
অগ্নিদগ্ধদের রক্তদানসহ যে কোনো প্রয়োজনে ছাত্রলীগের নেতাকর্মীদের বার্ন ইউনিটে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।তার সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ছিলেন।
সংসদে হারুনের দাবি
জাতীয় সংসদে রোববার অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে বিএনপির হারুনুর রশীদ বলেন, “যে ভয়াবহ অববস্থা সৃষ্টি হয়েছে, তার দায়-দায়িত্ব কে নেবে? যারা ক্ষতিগ্রস্ত হল তাদের কে অর্থ সহায়তা দেবে?”
ঘটনার তদন্ত দাবি করে তিনি বলেন, “যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কি না, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।”
ডিপোর মালিক এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান হারুন।
তিনি বলেন, “ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনার ছিল, সেগুলো সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢুকালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”
