জনশুমারি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
দেশে জনশুমারি ও গৃহগণনা শুরুর আগে আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
সোমবার জাতীয় সংসদে এক বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
দেশের সকল মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাতদিন একযোগে জনশুমারি ও গৃহগণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এই শুমারিতে অংশ নিয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে সকল সংসদ সদস্যের সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, “সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপমন্ত্রী এবং মাননীয় বিরোধীদলীয় নেতা ও মাননীয় সকল সংসদ সদস্যকে আমি ব্যক্তিগতভাবে সার্বিক সহায়তা চেয়ে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করেছি।
“এই মহান সংসদে আমি পুনরায় আমার এই সহযোগিতার আবেদন পুনর্ব্যক্ত করছি।”
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধনী খাম সম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।
এছাড়া বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
