ছাদে যাত্রী ওঠানোয় চার লঞ্চকে জরিমানা
ঈদযাত্রায় নৌপথে ঘরমুখো মানুষের চাপ বাড়ার মধ্যে ছাদে বাড়তি যাত্রী ওঠানোর অপরাধে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুন্দরবন-১০, পারাবত-৯, কর্নফুলী-১২ ও ফারহান-৫ লঞ্চকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেন।
এদিন সকালে কিছু যাত্রী সদরঘাটে আসলেও দুপুরে অনেকটা ফাঁকাই ছিল। তবে বিকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। গরম ও কালবৈশাখীর এ সময়ে প্রায় প্রতিটির লঞ্চের ছাদেই যাত্রী দেখা যায়।
এসময় অভিযান চালিয়ে কর্নফুলী-১২ লঞ্চকে ১২ হাজার টাকা, ফারহান-৫ লঞ্চকে ২০ হাজার টাকা, পারাবত-৯ লঞ্চকে ১০ হাজার টাকা এবং সুন্দরবন-১০ লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঈদের আগে অধিকাংশ অফিস-আদালতে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস। ফলে সেদিন বিকালেই অনেকে বাড়ির পথ ধরেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পরদিন এ যাত্রায় যোগ দেন আরও মানুষ।
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী লঞ্চে উঠার পর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দেখাতে হবে জানালেও সদরঘাট লঞ্চ টার্মিনালে তা দেখা যায়নি।
আরও পড়ুন
