২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভাবশালীদের ‘দখল উঠিয়ে’ ঠাঁই হচ্ছে গৃহহীনদের

প্রভাবশালীদের হাত থেকে সারদেশে ৫ হাজার ৫১২ একর খাস জমি দখলমুক্ত করে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মেহেরুন নাহার মেঘলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 12:43 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

উদ্ধার করা এসব জমির দাম ৩ হাজার কোটি টাকার বেশি। এছাড়া ১০৮ কোটি ৯১ লাখ ২০ টাকা বরাদ্দও দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ১৫৫ একর জমি কেনাও হয়েছে।

ইতোমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ধাপে ১ লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে তৈরি করা হচ্ছে ৬৫ হাজার ৪৭৪টি ঘর।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অনেক জায়গায় খাসজমি পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে জমি পেলেও ঘর করার উপযোগী নয়। সেখানে নতুন জমি কিনে ঘর করে দেওয়া হচ্ছে।

কিছু জায়গায় সরকারি খাসজমি প্রভাবশালীদের দখলে রয়েছে। যেগুলো নানা ধরনের ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ভোগ করে আসছেন তারা। 

Image
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রানীনগর গড়বাড়ি গ্রামে ‘আশ্রয়ণ-২ প্রকল্প’ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য তৈরি করা প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। ছবি: মোস্তাফিজুর রহমান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রানীনগর গড়বাড়ি গ্রামে ‘আশ্রয়ণ-২ প্রকল্প’ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য তৈরি করা প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। ছবি: মোস্তাফিজুর রহমান

এই প্রকল্পের তৃতীয় ধাপের কাজ দেখতে সাভারের শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় ১ দশমিক ৪১ একর খাসজমি দখলমুক্ত করে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ হচ্ছে।

ইতোমধ্যে দ্বিতীয় ধাপে সেখানে ২৪টি ঘর করা হয়েছে। তৃতীয় ধাপে আরও  ৪০টি বাড়ি তৈরি করা হবে।

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম বলেন, “এখানকার খাস জমি প্রথমে ইদ্রিস নামে এক ব্যবসায়ীর দখলে ছিল। তারপর ২০১৩ সালে ঢাকা সাংহাই সিরামিকস কোম্পানি এটি কিনে নেয়।

“তারা এখানে সিরামিকের জিনিসপত্র তৈরির মাটি স্তূপ করে রাখত। ২০২১ সালে আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য এই মাটির স্তূপ সরিয়ে জায়গাটি উদ্ধার করা হয়।”

Image
ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘তালুকদার গ্রাম আশ্রয়ণ-২’ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। ছবি: মোস্তাফিজুর রহমান

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘তালুকদার গ্রাম আশ্রয়ণ-২’ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। ছবি: মোস্তাফিজুর রহমান

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “এর দখলে ছিল ঢাকা সাংহাই সিরামিক কোম্পানি। আমরা উদ্ধার করে গৃহহীনদের জন্য বরাদ্দ দিয়েছি।”

জমি উদ্ধারে প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হয়েছে জানিয়ে তিনি বলেন, “সরকারের নির্দেশে আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি, সেখানে দখলদারদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা আমাদের কাজ করে যাব।”

আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মো. ফেরদৌস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৃহহীন মানুষকে ঘর দেওয়ার প্রকল্পটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আমরা এই প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে তৃতীয় পর্যায়ে ৬৫ হাজার ৪৭৪টি সেমিপাকা বাড়ি করে দিচ্ছি।”

আশ্রয়ণ প্রকল্পের জমি সম্পর্কে তিনি বলেন, “সারাদেশে তিন ধরনের জমিতে ঘর করা হচ্ছে। কিছু সরাসরি খাসজমি, কিছু দখল করা সরকারি জমি, যেগুলো উদ্ধার করতে হচ্ছে। আর কিছু কেনা জমি।

“এরই মধ্যে প্রভাবশালীদের দখল থেকে ৫ হাজার ৫১২ একর জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ৩ হাজার কোটি টাকা। আর নতুন করে ১৫৫ একর জমি কেনা হয়েছে।”

Image
ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘তালুকদার গ্রাম আশ্রয়ণ-২’ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। ছবি: মোস্তাফিজুর রহমান

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘তালুকদার গ্রাম আশ্রয়ণ-২’ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। ছবি: মোস্তাফিজুর রহমান

আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ি ইউনিয়নেও খাস জমি উদ্ধার করে ১০ একর জায়গায় ২৬৬টি ঘর নির্মাণ করা হচ্ছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ফারুক আহমেদ বলেন, “আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ একর খাসজমি দখলমুক্ত করেছি। সেখানে ভূমিহীন ও গৃহহীনদের তৃতীয় ধাপে ঘর নির্মাণ করে দিচ্ছি।

“খাস জমি আশপাশের মানুষজন চাষাবাদ করে খেত। আমরা সেগুলো উদ্ধার করে নিয়ে নিয়েছি। এখন এখানে যারা থাকছে, তারা নিজেদের মত করে বাগান, চাষাবাদ, অটোরিকশা চালিয়ে কিংবা ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাচ্ছে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ এসব ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়। সঙ্গে ছিল রান্নাঘর ও টয়লেট। বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগী পালন এবং শাক সবজি চাষেরও জায়গা ছিল।

আরও পড়ুন

আরও ‘মজবুত’ হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি  

আশ্রয়ণ প্রকল্পে বদলে যাচ্ছে মানুষের জীবন  

নতুন ঘর, নতুন জীবনের স্বপ্ন