২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদককে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ রাষ্ট্রপতির

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 10:08 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

রোববার সন্ধ্যায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ ও ২০২১ পেশ করতে গেলে রাষ্ট্রপ্রধান এ পরামর্শ দেন।

দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতি উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি দুর্নীতি দমনে প্রতিকারের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্নীতি করে কেউ যাতে পার না পায় তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি দমন কার্যক্রমকে গতিশীল করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া তদন্ত ও অনুসন্ধান প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।