যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: মোমেন
আলোচ্যসূচিতে না থাকলেও ওয়াশিংটনের সঙ্গে অষ্টম অংশীদারত্ব সংলাপে বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে ঢাকা।
শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের সঙ্গে সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার ঢাকায় পৌঁছেছেন।
রোববার ঢাকায় অষ্টম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নুল্যান্ড। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, " গত দুই বছর কোভিডের কারণে বিভিন্ন আলোচনা স্থগিত ছিল। আগামীকাল পার্টনারশিপ ডায়লগ শুরু হবে। বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। সম্প্রতি র্যাবের ওপর যে একটি ঝামেলা হয়েছে…। র্যাব ভালো কাজ করেছে, কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়েছে। সন্ত্রাসের ক্ষেত্রে এগুলো হয়েও থাকে।
“হোলি আর্টিজানের ঘটনার পর দেশে সন্ত্রাসের কারণে একজনও মারা যায়নি। এগুলো না দেখে…আমরা আশা করেছিলাম, এ ধরনের স্যাংশনের বিষয়ে তারা জানালে রিমেডিয়াল মেজারস’ নিতাম। তারা না জানিয়ে দিয়েছে। আমরা ইস্যুটা তুলব। আলোচনা হবে। এটা ডায়লোগে ছিল না। কিন্তু আমরা বলেছি, কথা বলব।”
এই সংলাপে বাংলাদের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, “আমরা আগামী ৫০ বছরে সুন্দর সম্পর্ক চাই। তারা আমাদের বন্ধু দেশ।”
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে সরকারের অবস্থান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে বাংলাদেশ আইনজীবী ও লবিস্ট নিয়োগ করেছে বলেও সরকারের তরফ থেকে জানানো হয়।
আসন্ন ওআইসির মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি যাবেন কি না জানতে চাইলে মোমেন বলেন, “যাব ঠিক করেছিলাম। তবে অসুখ হওয়ায় ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। ভাবছি।”
ধানমন্ডিতে গ্যালারি চিত্রক ও চট্টগ্রাম আর্ট ক্লাবের আয়োজনে মাইক্রোটোপিয়া ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বঙ্গবন্ধুর প্রদত্ত বৈদেশিক নীতি অর্থ্যাৎ ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’– এ নীতি অনুসরণ করে চলেছি। কারণ আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম, এখনও রয়েছি এবং ভবিষ্যতে থাকবো। বঙ্গবন্ধু, উন্নয়নের পূর্বশর্ত হিসেবে শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। সেজন্য বিশ্বব্যাপী অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে, বৈষম্যের বিরুদ্ধে, যুদ্ধ-হানাহানির বিরুদ্ধে- আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শান্তির সংস্কৃতি চালুর কথা বলছি।”
শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী শিশির ভট্টাচার্য।
প্রদর্শনীতে ২১ দেশের ১৪৫ জন শিল্পীর আঁকা ২৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
