২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে ভগ্নিপতির দেওয়া আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু

রাজধানীর আদাবরে গায়ে কেরোসিন ঢেলে ভগ্নিপতির দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে বোনটির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 12:17 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

শুক্রবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় ১০ বছর বয়সী মিতু। তার শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

হাসপাতালে মিতুর ভাই বাপ্পীর (৫) এখনো চিকিৎসা চলছে; চিকিৎসকরা জানান, তার দুই হাতের ৮ শতাংশ পুড়ে গেছে।

গত মঙ্গলবার দুপুরে আদাবরের সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দুই ভাইবোনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পুলিশ বলছে, মিতু ও বাপ্পীকে তাদের ভগ্নিপতি আলাউদ্দিন ঘরের মধ্যে আটক রেখে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, পেশায় রিকশাচালক আলাউদ্দিনের দুই স্ত্রী, দুজনেই পোশাক কর্মী। আলাউদ্দিন  বড় স্ত্রীকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে একটি ভাড়া ঘরে থাকেন। দ্বিতীয় স্ত্রীও কাছেই ভাড়া থাকতেন, তার ভাইবোন হলো মিতু ও বাপ্পী।

কাছাকাছি অন্য একটি ঘরে মিতু ও বাপ্পিকে নিয়ে ভাড়া থাকেন তাদের মা। মিতু-বাপ্পীর বাবা গ্রামে থাকেন, মা ঢাকায় বাসাবড়িতে কাজ করেন বলেও জানান সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ।

পুলিশ জানায়, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের ঝড়গা লেগেই থাকত, মাঝেমধ্যে স্ত্রীকে মারধরও করতেন আলাউদ্দিন; আর এ জন্য দুলাভাইকে বিভিন্ন সময়ে গালাগাল করত মিতু ও বাপ্পী।

ওই দিনের ঘটনা বর্ণণা করে পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বলেন, "সবাই যখন কাজে চলে গেছে তখন চকলেট দেওয়ার নাম করে মিতু ও বাপ্পিকে নিয়ে আলাউদ্দিন যান তার বড় বউকে নিয়ে যেখানে থাকে, সেই ঘরে। সেখানে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান আলাউদ্দিন।"

পরদিন বুধবার আলাউদ্দিনকে সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হলে তিনি জবানবন্দি দেন।

স্ত্রীকে ‘শিক্ষা দিতেই' তার ভাই-বোনের গায়ে আগুন  

ভাই-বোনকে ‘পুড়িয়ে হত্যার চেষ্টা’ ভগ্নিপতির  

ভাই-বোনকে ‘পুড়িয়ে হত্যার’ চেষ্টা: ভগ্নিপতি গ্রেপ্তার