২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে ‘শিক্ষা দিতেই' তার ভাই-বোনের গায়ে আগুন

পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রীকে 'শিক্ষা দিতেই' তার ছোট দুই ভাই-বোনকে ভগ্নিপতি আলাউদ্দিন 'আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা' করেন বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 11:46 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে সাভার থেকে মঙ্গলবার মধ্যরাতে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে মঙ্গলবার মিতু (১০) ও বাপ্পিকে (৫) অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দুই ভাইবোনকে তাদের ভগ্নিপতি ঘরে আটকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানায় পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে বিপ্লব কুমার বলেন, "আলাউদ্দিনের সন্দেহ তার দ্বিতীয় স্ত্রী ইশরাত জাহান মৌয়ের অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ জন্য তাকে ‘শিক্ষা’ দিতে পথ খুঁজতে থাকে।"

কিন্তু দুই শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা কেন এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন পুলিশকে বলে, "মৌকে সে বেশি ভালোবাসে এজন্য তাকে ‘শিক্ষা’ দিতে তার মন সায় দেয়নি।"

আলাউদ্দিনকে গ্রেপ্তারের পর আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান জানান, গ্রেপ্তার এড়াতে তিনি সাভারে এক পরিচিতের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পেশায় রিকশাচালক আলাউদ্দিনের দুই স্ত্রী। পোশাককর্মী বড় স্ত্রীকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি। দ্বিতীয় স্ত্রী মৌ থাকেন কাছাকছি আরেকটি ঘরে, তিনিও পোশাককর্মী।

অগ্নিদগ্ধ শিশু দুটি মৌয়ের ছোট দুই ভাই-বোন। তাদের নিয়ে মৌয়ের কাছেই আরেক ঘরে থাকেন তাদের মা। তিনি বাসা-বাড়িতে কাজ করেন, আর মিতু-বাপ্পির বাবা থাকেন গ্রামে।

চিকিৎসকরা জানান, মিতুর শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। আর বাপ্পির দুই হাতসহ শরীরের ৮ শতাংশ পুড়েছে।

বুধবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইজনের কাউকে শংকামুক্ত বলা যাবে না। তবে মিতুর অবস্থা বেশ খারাপ।”

আরও পড়ুন

ভাই-বোনকে ‘পুড়িয়ে হত্যার চেষ্টা’ ভগ্নিপতির  

ভাই-বোনকে ‘পুড়িয়ে হত্যার’ চেষ্টা: ভগ্নিপতি গ্রেপ্তার