ভাই-বোনকে ‘পুড়িয়ে হত্যার’ চেষ্টা: ভগ্নিপতি গ্রেপ্তার
রাজধানীর আদাবরে দুই ভাই-বোনকে ঘরে আটকে কেরোসিন দিয়ে ‘পুড়িয়ে হত্যার চেষ্টার’ অভিযোগে তাদের ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার থেকে মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাকে আমরা গ্রেপ্তার করেছি, ঘটনার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছে।”
মঙ্গলবার দুপুরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে দুই ভাইবোন মিতু (১০) ও বাপ্পিকে (৫) অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
“গ্রেপ্তার এড়াতে আলাউদ্দিন সাভারে এক পরিচিতের বাসায় আত্মগোপনে ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানায়, পেশায় রিকশাচালক আলাউদ্দিনের দুই স্ত্রী। পোশাককর্মী বড় স্ত্রীকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি। পোশাককর্মী দ্বিতীয় স্ত্রী থাকেন কাছাকছি আরেকটি ঘরে, যিনি ওই দুই শিশুর বোন।
শিশু দুটিকে নিয়ে সেখানে আরেক ঘরে থাকেন তাদের মা। তিনি বাসা-বাড়িতে কাজ করেন, আর মিতু-বাপ্পির বাবা থাকেন গ্রামে।
ওসি বলেন, “দ্বিতীয় স্ত্রীকে আলাউদ্দিন প্রায়শই মারধর করায় পারিবারিক ঝগড়া লেগে থাকত। বোনকে মারধর করা নিয়ে মিতু ও বাপ্পি তাদের দুলাইভাকে গালমন্দ করত।
“সবাই যখন কাজে চলে গেছে, তখন চকলেট দেওয়ার নাম করে তার বড় বউকে নিয়ে যেখানে থাকে সেই ঘরে মিতু ও বাপ্পিকে নিয়ে আসে আলাউদ্দিন। এখানে এনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে গিয়েছিল।”
পাশের ঘরের বাসিন্দা মালেক বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি আলাউদ্দিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান। দেখেন, বাইরে থেকে দরজা লাগানো। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দুই শিশুকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, মিতুর শরীরে ৯৮ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। আর বাপ্পির দুই হাতের ৮ শতাংশ পুড়ে গেছে।
