২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাই-বোনকে ‘পুড়িয়ে হত্যার চেষ্টা’ ভগ্নিপতির

রাজধানীর আদাবরে ছোট দুই ভাই-বোনকে ঘরে আটকে তাদের ভগ্নিপতি কেরোসিন দিয়ে ‘পুড়িয়ে হত্যার চেষ্টা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 10:08 PM

Updated : 28 Apr 2022, 11:51 PM

এরা হল- মিতু (১০) এবং বাপ্পি (৫)। মঙ্গলবার দুপুরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে তাদের অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ভগ্নিপতি আলাউদ্দিন ঘরে আটকে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

তিনি জানান, পেশায় রিকশাচালক আলাউদ্দিনের দুই স্ত্রী। গার্মেন্টসকর্মী বড় স্ত্রীকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। গার্মেন্টসকর্মী দ্বিতীয় স্ত্রী ওই দুই শিশুর বোন, তিনি কাছাকাছি আরেকটি ঘরে থাকেন।

বোনের কাছে অন্য একটি ঘরে মিতু ও বাপ্পিকে নিয়ে থাকেন তাদের মা। তাদের মা বাসা-বাড়িতে কাজ করেন, বাবা থাকেন গ্রামে।

ওসি শাহীদুজ্জামান বলেন, “দ্বিতীয় স্ত্রীকে আলাউদ্দিন প্রায়শই মারধর করায় পারিবারিক ঝগড়া লেগে থাকত। বোনকে মারধর করা নিয়ে মিতু ও বাপ্পি তাদের দুলাইভাকে গালমন্দ করত।

“সবাই যখন কাজে চলে গেছে তখন চকলেট দেওয়ার নাম করে তার বড় বউকে নিয়ে যেখানে থাকে সেই ঘরে মিতু ও বাপ্পিকে নিয়ে আসে আলাউদ্দিন। এখানে এনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় আলাউদ্দিন।”

দোতালা বাড়ির নিচতলায় একটি কক্ষে আলাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে থাকতেন বলে ওই বাড়ির কেয়ারটেকার আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “ওই জায়গাটি আরেকজনের। খালি জায়গা ভাড়া নিয়া দোতলা বাড়ি করে ভাড়া দেওয়া হইছে। ভাড়া দেওয়া কয়েকটি ঘরের একটাতে আলাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে থাকত।

বেলা ১২টার দিকে আলাউদ্দিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় জানিয়ে মালেক বলেন, “দৌঁড়াইয়া গিয়া দেখি বাইরে থেকে দরজা লাগান। পরে ভাইঙা ভিতরে ঢুইকা দেখি বাচ্চা দুইডা জ্বলতাছে।”

পরে আরও লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় বলেন জানান তিনি।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক আইয়ুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিতুর শরীরে ৯৮ শতাংশ পুড়ে গেছে তার অবস্থা আশঙ্কাজনক। বাপ্পির দুই হাতের ৮ শতাংশ পুড়ে গেছে।