২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীফের আবেদন বহাল রেখে ১০ আইনজীবীর রিট খারিজ

চাকরি ফেরত পেতে দুর্নীতি দমন কমিশনের কর্মকতা শরীফ উদ্দিনের রিট আবেদনটি বহাল রেখে এ ঘটনায় তদন্ত চেয়ে ১০ আইনজীবীর করা আলাদা আবেদনটি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 05:33 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আইনজীবীদের রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বরখাস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি ১০ আইনজীবীর পক্ষে হাই কোর্টে আবেদন করেন মোহাম্মদ শিশির মনির। পরে আদালতে কয়েক দিন শুনানিও হয়।

শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু দুদকের কর্মকর্তা শরীফ নিজেই বাদী হয়ে রিট আবেদন দায়ের করেছেন সেহেতু আমাদের করা রিট আবেদন ‘নট প্রেসড’ করা হয়েছে।”

গত রোববার চাকরি ফেরত পেতে শরীফ উদ্দিন নিজেও হাই কোর্টে রিট আবেদন করেন। তারপক্ষে আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক এ রিট দায়ের করেন। এ আবেদনটিও একই আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

এখন আইনজীবীদের রিট খারিজ হয়ে যাওয়ায় শরীফের করা আবেদনের ওপর শুনানি করবে আদালত। 

গত ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে কমিশনের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮- এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো।

“তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। যা ১৬ ফেব্রুয়ারি অপরাহ্ন থেকে কার্যকর গণ্য হবে।”

পরের দিন এই আদেশ প্রত্যাহার এবং ৫৪(২) বিধি বাতিলের দাবিতে দুদক সচিবকে স্মারকলিপি দেন কমিশনের কর্মকর্তারা। পাশাপাশি দুদকের প্রধান কার্যালয়সহ সংস্থাটির অন্যান্য দপ্তরে মানববন্ধন হয়।

শরীফ দাবি করেন, দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাবশালীদের রোষে পড়ে তাকে চাকরি হারাতে হয়েছে।  

পরে দুদক সচিব মো. মাহবুব হোসেন ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বলেন, শরীফ উদ্দিনকে ‘শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে’ বিধি মোতাবেক চাকরিচ্যুত করা হয়েছে।

পরে গত ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা-২০০৮ এর ৪৮ বিধি মোতাবেক অপসারণ আদেশ পুনর্নিরীক্ষণ করতে কমিশনে আবেদন করেন শরীফ।

আরও পড়ুন-

দুর্নীতিবিরোধী অভিযানে আলোচিত দুদক কর্মকর্তা শরীফ চাকরিচ্যুত  

দুদক কর্মকর্তার চাকরিচ্যুতি নিয়ে নানা আলোচনা  

শরীফের বিষয়ে ১০ আইনজীবীর চিঠি: আদালত বলল রিট করতে  

চাকরি ফেরত চেয়ে দুদকে শরীফের আবেদন  

‘আপস’ করলে এতকিছু হত না, দাবি চাকরিচ্যুত শরীফের

দুদকে শরীফ, চান চাকরিতে ফেরার সুযোগ