মিথ্যা সাক্ষ্য: রাজারবাগ পীরের সহযোগীর বিরুদ্ধে মামলা
বাড়ি ও জমির দখল নিতে অ্যাসিড নিক্ষেপের মামলায় 'ফাঁসানোর ঘটনায়' ঢাকার রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানসহ আট সহযোগীর বিরুদ্ধে আনা অভিযোগে একজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে আদালত।
মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সোমবার ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনালে দিল্লুর রহমান এবং আবুল বাসারসহ আটজনের নামে মামলার আবেদন করেন শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চন।
পরদিন ট্রাইব্যুনালের বিচারক এ. এইচ. এম হাবিবুর রহমান ভূঁইয়া পল্লবী থানার ওসিকে ওই অভিযোগটি দিল্লুরের সহযোগী আবুল বাসারের বিরুদ্ধে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
বুধবার বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উল্যাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আদেশের বিষয়ে জানান।
মামলার আরজি থেকে জানা যায়, দিল্লুর রহমানের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় তার (দিল্লুর রহমানের) দুই সহোদরসহ একরামুলের বিরুদ্ধে ২০১২ সালের ১৪ জুন পল্লবী থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন আবুল বাসার।
মামলাটি তদন্ত করে ওই বছরের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৫ সালের ১৫ নভেম্বর আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পান।
ঢাকার শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ধর্ষণ, নারী নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, চুরি-ডাকাতি, মানবপাচারের মতো নানা অভিযোগে ৪৯টি মামলা হয়েছিল।
একরামুল আহসান এসব মামলার ৩৭টি থেকে ইতোমধ্যে খালাস পেয়েছেন। পরবর্তীতে গত বছর ৭ জুন হাই কোর্টে তার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে- বাড়ি আর জমির দখল নিতে রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার সহযোগীরা এসব হয়রানিমূলক মামলা করেন।
অ্যাসিড দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগে বলা হয়, "আসামিরা যেমন একরামুল আহসানের পৈত্রিক ভিটা/বাড়ি, ফ্যাক্টরি গ্রাস করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে ৪৯ টি মামলা মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করে।
"তেমনি আপন ভাইদের সম্পত্তি থেকে বঞ্চিত করাসহ পীরত্বে আনুগত্য স্বীকার না করায় দিল্লুর রহমান ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। আসামিরা একটি সংঘবদ্ধ মামলাবাজ দলের সক্রিয় সদস্য।"
আদালতের পর্যবেক্ষণেও এসব তথ্য উঠে এসেছে বলে মামলায় উল্লেখ করা হয়। গত বছর ৫ ডিসেম্বর একরামুল আহসানকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেয় উচ্চ আদালত।
সেই সঙ্গে মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে আদালতে মামলা দায়েরেরও নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মিথ্যা মামলাবাজ সিন্ডিকেটের সক্রিয় সদস্যদের মামলাবাজী, অপকর্ম ও অপরাধের বিষয়টি 'সুস্পষ্ট প্রতীয়মাণ' হয়েছে।
আরও পড়ুন
