গাড়ির ধাক্কায় উত্তর সিটির পরিছন্নতা কর্মীর মৃত্যু
রাজধানীর গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।
সখিনা আক্তার নামের ২৮ বছর বয়সী ওই নারী গুলশান নতুন বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কোকাকোলা মোড় এলাকায় দায়িত্ব পালনের সময় তিনি দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ।
গুরুতর আহত সখিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতীকী ছবি
দুই ছেলে ও এক মেয়ে রয়েছে সখিনার। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার কলমাকান্দায়।
গুলশান থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি সখিনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি চিহ্নিত করে চালককে আটক করার চেষ্টা চলছে।
