রামপুরায় ভাঙারির দোকানে আগুন, দগ্ধ ৫
রাজধানীর রামপুরা চৌধুরী পাড়ায় একটি ভাঙারির দোকানে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান।
তিনি বলেন, “চৌধুরী পাড়া মসজিদের পাশে একটি টিনশেডের ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে দগ্ধ নাদের আলী (৫০), নূর নবী (৫১), ইউসুফ আলী (৪৯), হেলাল উদ্দিন শেখ (৫০) ও সিদ্দিকুর রহমানকে (৫০) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান খালেদা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে ওই পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, হেলালের ৮৫ শতাংশ, নাদের আলীর ৪৩ শতাংশ, নূর নবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
