২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারায় বাড়িতে বিস্ফোরণে দুজন দগ্ধ

ঢাকার বারিধারা আবাসিক এলাকায় একটি ভবনে নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 02:57 PM

Updated : 28 Apr 2022, 11:41 PM

রোববার সকাল ১১টার দিকে বারিধারা আবাসিক এলাকার ‘কে’ ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর ভবনে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ওই ভবনের নিচতলায় জমে থাকা গ্যাসই এই বিস্ফোরণের কারণ বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক আসিফ সাদেক (৫২) এবং তার ভাগ্নে কানাডা প্রবাসী মো. জারিফ হাসান (৩২) দগ্ধ হয়েছেন।

বিস্ফোরণের ঘটনার পর তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে পাঠানো হয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে।

ইন্সটিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, আসিফ সাদেকের শরীরের ৮০ শতাংশ এবং জারিফের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সকাল ১১টার দিকে দোতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

“নিচতলায় একটি ফাঁকা ঘরে দীর্ঘদিন জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

গুলশান থানার এসআই শিল্পী আক্তার বলেন, বিস্ফোরণে ভবনটির সামনে রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।