২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অপহরণের পর মাকে ‘কু-প্রস্তাব’, বাবা সেজে বিক্রি

চার বছরের ইমরানকে অপহরণের পর ফিরিয়ে দেওয়ার বিনিময়ে শিশুটির মাকে ‘অনৈতিক প্রস্তাব’ দিয়েছিলেন এক যুবক। তাতে সায় না পেয়ে বাবা সেজে শিশুটিকে বিক্রি করে দেওয়া সেই অপহরণকারীকে আট মাস পর গ্রেপ্তারের কথা জানিয়েছেন গোয়েন্দারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 07:14 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

গেল বছর জুনে রাজধানীর দক্ষিণখানে সংঘটিত এ ঘটনার শুরুতে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও ফল পাননি ইমরানের মা রাশিদা খাতুন (২২)। তখন এ ঘটনায় কোনো মামলাও হয়নি। প্রায় আট মাস পর ঘটনাটি গোয়েন্দা পুলিশ জানতে পেরে গত শুক্রবার শিশুটিকে কুমিল্লা থেকে উদ্ধার করে; অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় দিনমজুর ইসমাঈল হোসেনকে (২৬)।

শনিবার গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

“আট মাস পর মা ও ছেলের মিলন দেখে আমাদের সবার চোখে পানি এসেছিল,” সংবাদ সম্মেলনের শুরুতে বলেন তিনি।

এতে জানানো হয়, ময়মনসিংহের তারাকান্দা এলাকার রাশিদা খাতুন একজন গৃহকর্মী। ছয় বছর আগে একই জেলার মাজহারুল ইসলাম নামে একজনের সঙ্গে তার বিয়ে হয়। সন্তান জন্মের কিছুদিন পরেই মাজহারুল আরেকজনকে বিয়ে করে চলে যান।

এরপর রাজধানীর দক্ষিণখানের জামতলা এলাকার এক বস্তিঘর ভাড়া নিয়ে সন্তান এবং বৃদ্ধা মাকে নিয়ে থাকতে শুরু করেন রাশিদা; গৃহকর্মী হিসেবে কাজ করেন আশেপাশের বাসায়।

গোয়েন্দা কর্মকর্তা আশরাফ জানান, এ বস্তির অপর ভাড়াটিয়া দিনমজুর ইসমাইলের নজর পড়ে রাশিদার উপর। নানাভাবে কু- প্রস্তাব দেয়। রাশিদার শিশু সন্তানকে চিপস, চকলেট দিয়ে আপন করে নিতে চাইত সে। কিন্তু কোনো কিছুতেই না পেরে গত বছর ১৫ জুন সন্ধ্যায় ইমরানকে অপহরণ করে সে।

“অপহরণের দিন সন্ধ্যার পর কাজ শেষে বাসায় ফিরে সন্তানকে না পেয়ে খোঁজাখুজি করে দেখে ইসমাইলও নেই। পরে ইসমাইলের সঙ্গে ফোনে রাশিদা যোগাযোগ করে জানতে পারে ইমরান তার কাছে আছে। সন্তানকে ফিরে চাইলে বিনিময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেওয়া হয়।”

উপ কমিশনার জানান, সন্তানকে ফিরে পেতে রাশিদা স্থানীয় এক ‘চেয়ারম্যানের’ কাছে অভিযোগ করেও ফল পায়নি। থানায়ও গিয়েছিলেন কিন্তু সেভাবে অভিযোগ করতে পারেনি। ফলে কোনো মামলাও হয়নি।

“এভাবেই মাস গড়িয়ে যায় এবং ফোনে ইসমাইলকে সন্তান ফিরিয়ে দেওয়ার কথা বললেই কু-প্রস্তাব দেয় এবং বলে ইমরানকে সে বিক্রি করে দিয়েছে।”

প্রায় আট মাস পর পরিচিত একজনের মাধ্যমে খবরটি তার কাছে আসে বলে জানান উপ কমিশনার আশরাফ।

পরে রাশিদাকে ডেকে বিস্তারিত শুনে জানতে পারেন, তাকে কেউ থানায় নিয়ে যাবে বা এসব ঘটনায় সুনির্দিষ্টভাবে মামলা করতে হয়- এ ধরনের পরামর্শ কেউ দেয়নি।

“পরে কৌশল হিসাবে ইসমাইলের সঙ্গে আবার যোগাযোগ করতে বলা হয় রাশিদাকে। এই কৌশলের মাধ্যমে তিন দিন চেষ্টা চালিয়ে কুমিল্লা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

“পরে সে জানায়, নরসিংদীর এক সবজি বিক্রেতার কাছে সে শিশুটিকে বিক্রি করে দিয়েছে। তবে ইসমাইল নিজেকে কখনও ‘জীবন’ কখনও ‘আকাশ’ পরিচয় দিয়ে থাকে।

পরে তাকে নিয়ে ওই সবজি বিক্রেতার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান গোয়েন্দা কর্মকর্তা।

“সবজি বিক্রেতা আমাদের বলেছে, ইসমাইল ওই শিশুটিকে তার সন্তান এবং নাম মাহফুজ বলেছে। শিশুটির মা শিশুটিকে ফেলে চলে যাওয়ায় দেখাশোনার লোক না থাকায় তার কাছে বিক্রি করেছে।”

তবে কত টাকায় বিক্রি করেছে, সে ব্যাপারে কোনো তথ্য দেননি এই গোয়েন্দা কর্মকর্তা।

শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, “ইসমাইল শিশুপাচার বা অন্য কোনো কোন অপরাধে জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে “

এ ব্যাপারে দক্ষিণখান থানায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।