সেবা করতে চেয়ারম্যান-মেম্বার হতে হয় না: তাজুল
মানুষের সেবা করার জন্য মেম্বার-চেয়ারম্যান হতে হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গোলযোগ, সংঘর্ষ, ভোট কেন্দ্র দখলের চেষ্টা ও আগুনের মধ্যে গত বুধবার অনুষ্ঠিত পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রাণহানি ও হতাহতের ঘটনার মধ্যে স্থানীয় সরকারমন্ত্রীর এমন মন্তব্য এল।
তিনি বলেছেন, মেম্বার-চেয়ারম্যান না হলে কারও জীবন ব্যর্থ হয়ে যাবে- এমনটি ভাবা ঠিক নয়। জনপ্রতিনিধি না হয়েও মানসিকতা ও দেশপ্রেম থাকলে দেশের উন্নয়নে অবদান রাখা যায়।
জাতীয় প্রেস ক্লাবে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) দ্বি বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দিকে খুব বেশি গোলযোগ না থালেও সবশেষ তিন ধাপের নিবার্চনে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
গত বুধবার পঞ্চম দফায় ইউপির ভোটযুদ্ধে অন্তত ৯ জনের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে।
দেশের উন্নয়নে কাউকে হেয় করার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, কাউকে বাদ দিয়ে উন্নত দেশ গড়া সম্ভব নয়। তাই সব ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি জানান, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও যুগোপযোগী করতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইনে সংশোধন আনা হচ্ছে।
“ইতোমধ্যে জেলা পরিষদ ও পৌরসভার খসড়া সংশোধনী মন্ত্রিপরিষদে অনুমোদন পেয়েছে।“
পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও নিয়োগ প্রদান নিয়ে সমালোচনা হলেও এ নিয়োগের ফলে ওইসব পৌরসভায় রাজস্ব আদায়ে ব্যাপক পরিবর্তন আসছে, যোগ করেন তিনি।
মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের সময় মাত্র ৩৮টি পৌরসভা কর্মচারীর বেতন দিতে পারত উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন উদ্যোগের ফলে এখন অধিকাংশ পৌরসভা কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করছে।
ঢাকার চারপাশে নদী দখলমুক্ত, দূষণরোধে এবং নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভাপতির দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “ঢাকা শহরে অনেক নদী ও খাল বেদখল হয়ে গেছে। সেগুলো উদ্ধারে দুই সিটি করপোরেশন এবং বিআইডব্লিউটিএ অভিযান চালাচ্ছে। অনেক উদ্ধারও করা হয়েছে।”
তিনি বলেন, কল্যাণপুরে ওয়াটার রিটেনশন পন্ডের জন্য রাখা ১৭৩ একর জায়গার মধ্যে মাত্র সাড়ে তিন একর জায়গা ছাড়া বাকি সব দখল করে ঘর বাড়ি তৈরি করা হয়েছে।
“এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা দখল মুক্ত করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।“
ড্যাপ প্রসঙ্গে তিনি বলেন, ২০২১ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক করেন। গত একবছর করোনাভাইরাস সংকটেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সেমিনার ও মতবিনিময় করেছি।
“নানা সমস্যা সমাধান করে সর্বশেষ ৩০ ডিসেম্বর মন্ত্রিসভা কমিটি ড্যাপ চূড়ান্ত করেছে। এখন গেজেটের অপেক্ষায় রয়েছে।“
সারা দেশের মতো কুমিল্লাতেও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেশ কিছু উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে বৃহত্তর কুমিল্লায় ব্যাপক পরিবর্তন আসবে।
কুমিল্লা সাংবাদিক ফোরামের জন্য ঢাকায় একটি অফিস স্থাপনের সঙ্গে একমত পোষণ করে পাশে থাকার ঘোষণা দেন তিনি।
সিজেএফডির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সম্মিলিত পেশাজীবী পরিষদের শওকত মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সিজেএফডির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ও বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
