২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম ধাপ: ভোট চলছে ৭০৮ ইউপিতে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৭০৮ ইউপিতে ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 09:35 AM

Updated : 28 Apr 2022, 11:23 PM

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৮টায় এসব ইউনিয়নে ভোটগগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন ভোটারের এসব ইউপির মধ্যে ৪০টিতে ইভিএমে ভোট হচ্ছে; বাকিগুলোতে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

নতুন বছরের শুরুতে পঞ্চম ধাপে এ নির্বাচনে গোলযোগ, সহিংসতা ও অনিয়ম ঠেকাতে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, “আমরা সব ধরনের অনিয়ম ও গোলযোগ প্রতিরোধে বেশ তৎপর রয়েছি। ভোটের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এবার ইউনিয়ন পরিষদে চার ধাপের ভোটে বেশ কিছু এলাকায় সহিংসতা ও গোলযোগ হয়েছে। ভোটের আগে, ভোটের দিন ও পরে ইতোমধ্যে অর্ধশতাধিক লোকের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে।

তৃণমূলে এ ধরনের গোলযোগ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের সহনশীল হওয়ার উপর আহ্বান জানিয়েছেন অশোক কুমার।

ইসি কর্মকর্তারা জানান, ভোট সামনে রেখে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন করে সদস্য থাকবে। সেই সঙ্গে নির্বাচনী এলাকায় পুলিশ, আনসার ও ব্যাটেলিয়ন আনসারের সমন্বয়ে ইউনিয়নভিত্তিক টিম মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।

এছাড়া প্রতি উপজেলায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টিম নিয়োজিত থাকছে। নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছেন নির্বাচনী এলাকায়। 

>> পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন। এরমধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ৩৩ জন ও সাধারণ সদস্য ১১২ জন।

>> এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান ৩২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭৯৫০ জন ও সাধারণ সদস্য ২৫,২৩৩ জন।

>> এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ অন্তত এক ডজন রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

>> ভোটার সংখ্যা ১,৪২,২০,১৯৫ জন।

>> ভোটকেন্দ্র ৭১৩৭টি; ভোটকক্ষ ৩৯,৩৯১টি।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপিতে প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ও চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ভোট হয়।

এরার পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে বুধবার, ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপি এবং সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা রয়েছে।

বর্তমান কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির অধীনে ইউপি নির্বাচন শেষ হবে। মধ্য ফেব্রুয়ারিতে ৫ সদস্যের ইসি বিদায় নেবেন।

ইউপি নির্বাচনে সহিংসতায় সমালোচনার মুখে থাকা সিইসি নূরুল হুদা আইন শৃঙ্খলাবাহিনীকে তৎপর থাকতে নির্দেশ দিয়ে বলেছেন, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি বাড়াতে হবে। 

তিনি বলেন, “নির্বাচনে আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বাচনী সহিংসতা রোধ করার জন্য।একটাও সহিংস ঘটনা হবে না, মারামারি হবে না এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা চেষ্টা করব এগুলো নিয়ন্ত্রণ করার জন্য।”