ভোটের জন্য প্রস্তুত ৭০৮ ইউপি
গোলযোগ, সংঘর্ষ ও নানা অভিযোগের মধ্যে পঞ্চম ধাপে ৭০৮ ইউনিয়ন পরিষদ এখন ভোটের জন্য প্রস্তুত।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। এসব ইউনিয়নে ভোটার ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন।
নতুন বছরের শুরুতে পঞ্চম ধাপে এ নির্বাচনে গোলযোগ, সহিংসতা ও অনিয়ম ঠেকাতে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, “আমরা সব ধরনের অনিয়ম ও গোলযোগ প্রতিরোধে বেশ তৎপর রয়েছি। ভোটের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ পর্যন্ত কোথাও বড় ধরনের গোলযোগের খবর পাননি জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, কোথাও কোনো অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এবার ইউনিয়ন পরিষদে চার ধাপের ভোটে বেশ কিছু এলাকায় সহিংসতা ও গোলযোগ হয়েছে। ভোটের আগে, ভোটের দিন ও পরে ইতোমধ্যে অর্ধশতাধিক লোকের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে।
তৃণমূলে এ ধরনের গোলযোগ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের সহনশীল হওয়ার উপর আহ্বান জানিয়েছেন অশোক কুমার।
ইসি কর্মকর্তারা জানান, ভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন করে সদস্য থাকবে। সেই সঙ্গে নির্বাচনী এলাকায় পুলিশ, আনসার ও ব্যাটেলিয়ন আনসারের সমন্বয়ে ইউনিয়নভিত্তিক টিম মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।
এছাড়া প্রতি উপজেলায় র্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টিম নিয়োজিত থাকবে। নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছে নির্বাচনী এলাকায়।
ইসির জনসংযোগ শাখার পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, পঞ্চম ধাপের ৭০৮ ইউপির মধ্যে ৪০টিতে ইভিএমে ভোট হবে। বাকিগুলোয় ব্যালট পেপারে নির্বাচন হবে।
>> পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন। এরমধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ৩৩ জন ও সাধারণ সদস্য ১১২ জন।
>> এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান ৩২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭৯৫০ জন ও সাধারণ সদস্য ২৫,২৩৩ জন।
>> এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ অন্তত এক ডজন রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
>> ভোটার সংখ্যা ১,৪২,২০,১৯৫ জন।
>> ভোটকেন্দ্র ৭১৩৭টি; ভোটকক্ষ ৩৯,৩৯১টি।
ফাইল ছবি
এরার পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে বুধবার, ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপি এবং সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা রয়েছে।
বর্তমান কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির অধীনে ইউপি নির্বাচন শেষ হবে। মধ্য ফেব্রুয়ারিতে ৫ সদস্যের ইসি বিদায় নেবেন।
ইউপি নির্বাচনে সহিংসতায় সমালোচনার মুখে থাকা সিইসি নূরুল হুদা আইন শৃঙ্খলাবাহিনীকে তৎপর থাকতে নির্দেশ দিয়ে বলেছেন, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি বাড়াতে হবে।
তিনি বলেন, “নির্বাচনে আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বাচনী সহিংসতা রোধ করার জন্য।একটাও সহিংস ঘটনা হবে না, মারামারি হবে না এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা চেষ্টা করব এগুলো নিয়ন্ত্রণ করার জন্য।”
আরও ৮ ইউপির ভোটের তফসিল
বিদায় নেওয়ার আগে আরও আটটি ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ দিল বর্তমান নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি এসব ইউপির ভোট হবে।
মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, কেরানীগঞ্জের তারানগর, কালিয়াকৈরের শ্রীফলতলী, হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বার ও চর জুবলি, লালমোহনের বদরপুর ও শৈলকূপার নিত্যানন্দপুর- এসব ইউপির ভোটের তারিখ নির্ধারণ করেছে ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় ১৬ জানুয়ারি, বাছাই ১৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২৪ জানুয়ারি।
এনিয়ে দেশের সাড়ে চার হাজার ইউপির মধ্যে সাত ধাপে ৪,১১৮টি ইউপির ভোটের তফসিল দেওয়া হল। বাকিগুলোয় নির্বাচন উপযোগী হলে যথাসময়ে করবে ইসি।
