২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মেয়রকে আসনে বসিয়ে চাকা ঘুরল ঢাকার ‘ফ্র্যাঞ্চাইজি যুগের’ সবুজ বাসের

দীর্ঘ আলোচনার পথ পেরিয়ে অবশেষে সড়কে নেমেছে ঢাকা নগর পরিবহনের বাস; কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাচপুর পর্যন্ত ২৮ কিলোমিটার রুটে চলতে শুরু করেছে একক কোম্পানির ৫০ বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 03:34 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

পুরনো খবর:

ঢাকার দুই মেয়র এক বাসের যাত্রী

রোববার সবুজ রঙয়ের বাসগুলো যখন মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিআরটিসি ডিপো থেকে চলতে শুরু করলো ঢাকা সিটির দুই মেয়র যেন রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর ‘আশাকে’ সঙ্গী করে উঠে পড়লেন বাসে; শুরু হলো ‘ফ্র্যাঞ্চাইজি যুগের’।

খুশিতে কোলাকুলিও করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দীর্ঘ প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন। বাস ফ্র্যাঞ্চাইজির আওতায় পথ চলা শুরু হয় নবগঠিত ‘ঢাকা নগর পরিবহনের’ সবুজ রঙের বাসের।

শুরুতেই ঘাটারচর থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কাচপুর পর্যন্ত রুটে চলবে ৫০টি বাস; যেখানে রয়েছে বিআরটিসির ৩০টি ও ট্রান্সসিলভা পরিবহনের ২০টি বাস।

অনুষ্ঠানে জানানো হয়, শিগগির আরও কয়েকজন পরিবহন মালিকের বাস যুক্ত হবে এ রুটে।

ঢাকা নগর পরিবহন নামের কোম্পানি গঠনের মধ্যে দিয়ে শুরু এ কার্যক্রমে বর্তমানে এ রুটে চলাচলকারী অন্য কোম্পানির বাসও চলবে। তবে ৩১ জানুয়ারির পর অন্য বাস আর থাকবে না।

Image
ঢাকা নগর পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে। রোববার উদ্বোধনের পর একটি বাসে উঠে বসেন ঢাকা সিটির দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।

ঢাকা নগর পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে। রোববার উদ্বোধনের পর একটি বাসে উঠে বসেন ঢাকা সিটির দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।

সরকার নির্ধারিত হারে প্রতি কিলোমিটারের ভাড়া ধরা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। ঘাটারচর থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত রুটে বাসের টিকেট কাটতে ২৫টি কাউন্টার থাকবে। সবাইকে টিকেট কেটেই বাসে উঠতে হবে।

রোববার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে যান। সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

দিনটি স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি স্মরণ করেন প্রয়াত মেয়র আনিসুল হককে, যিনি এ কার্যক্রম শুরু করেছিলেন।

তার মৃত্যুতে প্রথমে এ উদ্যাগে ভাটা পড়লেও ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণের দুই মেয়র এ উদ্যোগকে এগিয়ে নিতে কথা দিয়েছিলেন বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাকে যে কথা দিয়েছিলেন, ঢাকাবাসীকে যে আশ্বাস দিয়েছিলেন, তারা আশ্বাস রেখেছেন। এটা অত্যন্ত দূরহ কাজ।

শুরু হচ্ছে নগর পরিবহনে ‘শৃঙ্খলা ফেরানোর’ পরীক্ষা

ঢাকায় ২২ কোম্পানির মাধ্যমে বাস চালানোর ভাবনা  

“দুর্ঘটনা যেমন দুর্ভাবনা, তেমনি যানজটও দুশ্চিন্তার কারণ। এ দুটি মাথায় রেখেই সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার জন্য দুই মেয়র যে উদ্যোগ নিয়েছেন তার সফল্য কামনা করি। আগেই বলেছি, আমার তরফ থেকে সব ধরনের সহযোগীতা এই মন্ত্রণালয় থেকে করা হবে।“

আরও আগেই কাজটি করার দরকার ছিল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আমাদের উন্নয়ন আর অর্জনের সঙ্গে এ নগরীর যে দুরবস্থা, অপরিচ্ছিন্ন-অপরিকল্পিত একটি শহর, এটি মানায় না। ঢাকার উন্নয়ন পরিকল্পনার যে বহুদিনের উত্তরাধিকার আমরা বহন করে চলছি এবং দূষনের দিক থেকেও রেকর্ড আছে। 

"এসব সমাধানে দুই মেয়র উঠে পড়ে লেগেছেন। তারা পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছেন, এটি অত্যন্ত শুভ দিক। আমাদের অনেক আগে যা হওয়া উচিত ছিলো তা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য।“

Image
ঢাকা নগর পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে। রোববার উদ্বোধনের পর একটি বাসে উঠে বসেন ঢাকা সিটির দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।

ঢাকা নগর পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে। রোববার উদ্বোধনের পর একটি বাসে উঠে বসেন ঢাকা সিটির দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।

সড়ক যোগাযোগ ব্যবস্থায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, "আমরা সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত করেছি। সমতল থেকে পাহাড় পর্যন্ত সড়কের নেটওয়ার্ক, আজকে একটি বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনার নেতৃত্বে দৃশ্যমান হচ্ছে। আজকে ঢাকায় তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প মেট্রোরেলের এমআরটি লাইন সিক্স আগামী বছরই উদ্বোধন করতে পারবো।এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। 

"শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের সোনালী ফসল পদ্মা সেতুর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে, এখন পিচ ঢালাই চলছে। আগামী বছর পদ্মা সেতু যান চলাচলের জন্য প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।“

অনেক ভোগান্তির কারণ হয়ে ওঠা গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিটও আগামী বছরের শেষে উন্মুক্ত করে দেওয়া সম্ভব বলে আশার কথা শোনান কাদের।

ঢাকায় চলাচলরত বাস দিয়েই কোম্পানি করার চিন্তা

ঢাকার সীমান্তে হবে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল: তাপস  

অর্থায়নের অভাবে দীর্ঘদিন ঝুলে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে গতি পেয়েছে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নফুলী টানেলসহ আগামী বছর বেশ কয়েকটি মেগা প্রকল্প উদ্বোধন হবে।

উন্নয়নের সুফল বেশ কিছু সমস্যা ম্লান করে দেয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজ সড়কে শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা। পরিবহন আর সড়কে শৃঙ্খলা না থাকলে জনগণ উন্নয়নের সুফল পাবে না।" 

কাজের প্রতি সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, "আমি ১২ দিন হাসপাতালে ছিলাম। আমি সেখান থেকে সরাসরি বাসায় যায়নি, এখানে চলে এসেছি। এর মাধ্যমে এটিই বোঝাতে চাই, এই উদ্যোগকে আমি কতটা গুরুত্ব দিয়ে থাকি। 

সড়কে শৃঙ্খলা আনার উদ্যোগে এমন ৪২টি রুটের পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, “লং ওয়ে টু গো। মাত্র শুরু হলো। এগুলো ঢাকা সিটি অ্যান্ড অ্যারাউন্ড মানে ডিটিসিএর যে এলাকাটা। এর মধ্যে নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর আছে।"

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, "সরকারের নীতিগত কোনো বিষয়ে অনেক মন্ত্রী আছে, সবার কথা বলা ঠিক না। এটা নিয়ে আইনমন্ত্রী কথা বলেছেন। তিনি যে পর্যন্ত বলেছেন সেটাই সরকারের বক্তব্য। এর বাইরে আমি কিছু বলব না। আমার কোনো বক্তব্য নেই। এ বিষয়ে বলার দায়িত্ব তার।"

Image
ঢাকা নগর পরিবহনের এমন সবুজ রঙয়ের বাসে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে।

ঢাকা নগর পরিবহনের এমন সবুজ রঙয়ের বাসে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে।

অনুষ্ঠানে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, "৯ হাজার ২৭ মিনিবাস চলে ঢাকায়, চলে প্রতিযোগিতা। সড়কে শৃঙ্খলা নষ্ট হয়। বাস আর রুটকে একটা শৃঙ্খলা আনা গেলে ঢাকার পরিবহনের চিত্র পাল্টে যাবে।

দেশে বাস ফ্রাঞ্চাইজির নতুন এ ধারণা বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও দক্ষিণের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস বলেন, এ প্রকল্পের লক্ষ্য হলো ২০২৩ সালের মধ্যে মেট্রো চলবে, তখন গণপরিবহন সুশৃঙ্খলভাবে চালাতে চাই। কোনো প্রতিযোগিতা না, ঠেলাঠেলি না, বাসে চাপাচাপি না, মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সেবা চালু হচ্ছে।

তিনি যাত্রীদের যাত্রী ছাউনিতে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ই-টিকেটিংকের ব্যবস্থা করা হয়েছে। ঝামেলা ছাড়াই ৫০টি দিয়ে শুরু, পর্যায়ক্রমে ১০০ বাস নিয়ে আসা হবে। আগামী বছরে এ ক্লাস্টারে পরিপূর্ণ সেবা চালু করা সম্ভব হবে।

২০২৩ সালের মধ্যে ঢাকার নয়টি ক্লাস্টারে একই সেবা চালু করা এবং আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে বলে তিনি জানান।