ফাইভ জির অনুষ্ঠানে ঢুকতে ‘বাধা’: ‘ক্ষমা চাইতে হবে’ বললেন মন্ত্রী
দেশে নতুন প্রযুক্তির নেটওয়ার্ক ফাইভ জি এর পরীক্ষামূলক চালুর উদ্বোধন অনুষ্ঠানে ঢোকা নিয়ে চীনা দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে অপ্রীতিকর ঘটনা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
রাজধানীতে র্যাডিসন হোটেলে গত ১২ ডিসেম্বর রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের ফাইভ জি চালুর উদ্বোধন অনুষ্ঠানে ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে এখনও আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে।
এ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাসহ দেশের ছয় জায়গায় পরীক্ষামূলকভাবে ফাইভজি চালুর ঘোষণা দেয় টেলিটক।
সেদিনে অতিথিদের স্বাগত জানানোর দায়িত্বে থাকা হুয়াওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ উঠেছে। এই কর্মকর্তারা আরেক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিইর প্রতিনিধিদের ওই অনুষ্ঠানে ঢুকতে দেয়নি বলে অভিযোগ।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “একটা অনুষ্ঠানে একটা দুর্ঘটনা ঘটছে। সে কারণে যে ব্যবস্থা নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে।…
“হুওয়াওকে একদম স্ট্রেইট ফরোয়ার্ড বলা হয়েছে ক্ষমা চাওয়ার জন্য। এবং পরবর্তীতে আমরা কোনো অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাতে ওদের কোনো লোক রাখবই না।“
মন্ত্রী বলেন, “ওরা নিজেদের মধ্যে বিরোধ, ব্যক্তিগত রেশারেশি কোনো কারণে আমাদের অনুষ্ঠানে ঘটায় দিছে। এটা করছে আমাদের অজ্ঞাতে। আমরা যদি ঘুণাক্ষরেও টের পেতাম, তাহলে তাদের ওই ছায়াও আমরা মাইড়াইতাম না।“
ওই দিনের অপ্রীতিকর ঘটনার বিষয়ে টেলিটকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, হোটেল র্যাডিসনের ওই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল হুয়াওয়ে। অতিথিদের স্বাগত জানাতে গেটে ছিলেন কোম্পানিটির চীনা ও এদেশীয় কর্মকর্তারা।
অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত আরেক চীনা কোম্পানি জেডটিই বাংলাদেশের সিইও ভিনসেন্ট লিউসহ একদল কর্মকর্তা এলে হুয়াওয়ের কর্মকর্তারা তাদের অনুষ্ঠানস্থলে ঢুকতে গেটে বাধা দেন।
এসময় ভিনসেন্ট নিজের আমন্ত্রণপত্র দেখিয়ে ঢুকতে চাইলে হুয়াওয়ের এক কর্মকর্তা সেটি নিয়ে ছিঁড়ে ফেলেন। পরে জেডটিইর কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
টেলিটকের ফাইভ জি প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহের কাজ পেয়েছে নোকিয়া করপোরেশন এবং চীনা বহুজাতিক ফোন নির্মাতা ও প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। অপরদিকে জেডটিই সরকারি কিছু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট।
টেলিটকের ওই কর্মকর্তা বলেন, হুয়াওয়ের সঙ্গে জেডটিইর কর্মীদের হইচই শুনে টেলিটকের কয়েকজন কর্মকর্তা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান।
“এসময় আবার নিজেদের কর্মকর্তার ওপর হামলা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে টেলিটকের কিছু কর্মী হুয়াওয়ে কর্মকর্তাদের সঙ্গে ‘হাতাহাতিতে’ জড়িয়ে পড়েন। পরে অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি সামাল দেন।“
এ বিষয়ে যোগাযোগ করা হলে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এর প্রধান ইউয়িং কার্ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোমধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমরা এটির সংশোধনমূলক ব্যবস্থার জন্য কাজ করছি।“
বাংলাদেশে ফাইভজি সেবা উন্মোচন প্রযুক্তি সংশ্লিষ্ট সবার জন্যই অনেক বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন, এর উদ্বোধন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে অনুষ্ঠানের প্রক্রিয়া, অতিথি তালিকা ও ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সবাই সেই লক্ষ্যে কাজ করেছে।
“আমরা অনুমান করতে পারি, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর উপস্থিতিতে যে ঐতিহাসিক ফাইভ জি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে অনেকেই এ মাহেন্দ্রক্ষণের অংশ হতে চেয়েছিল। কিন্তু অনুষ্ঠানের সফলতার স্বার্থেই এটা নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা খুব খুশি হতাম যদি তথ্যপ্রযুক্তি খাতের সবাইকে নিয়ে আমরা এ ফাইভ জি উদ্বোধনের অনুষ্ঠানটি উদযাপন করতে পারতাম,” যোগ করেন তিনি।
