২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসকে সিনহার রায়ের পর আইনমন্ত্রী বললেন, ‘দিনটি সুখকর নয়’

দুর্নীতির দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাজার রায় ঘোষণার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে বিচার বিভাগের জন্য দিনটি সুখকর নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 04:10 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “যেহেতু তিনি আইনের সাথে সম্পৃক্ত ছিলেন, আমি মোটেও আজকে খুশি নই।

“কিন্তু এটাও সঠিক, অন্যায় করলে তাকে তার শাস্তি পেতেই হবে। আদালত তার অপরাধ পেয়েছে, রায় দিয়েছে।”

এর আগে এসকে সিনহার বিরুদ্ধে ঋণ জালিয়াতি মামলায় চার বছর এবং অর্থ পাচার আইনের মামলায় সাত বছরসহ মোট ১১ বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত।

পদত্যাগের চার বছর পূর্ণ হওয়ার ঠিক দুদিন আগে আত্মসাতের এ মামলায় বিদেশে অবস্থানরত সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে সাজার রায় এল, যে অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন।

বাংলাদেশে কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে এ ধরনের মামলার নজির নেই বলে জানান আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, “যে সরকার বা রাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে নিযুক্ত থাকে, তাকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। এটাই আজকের রায় থেকে শেখার বিষয়বস্তু।”

দেশের আইনব্যবস্থা নিয়ে তিনি বলেন, “১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আমরা দেখেছি, এই দেশে জাতির পিতাকে তার সপরিবারে হত্যা করলেও একটা মামলা হয় না। এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে এসেছি।

“পর্যায়ক্রমে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচার এবং অন্যান্য দুর্নীতির বিচার- এইসবের মাধ্যমে প্রমাণ হয়েছে, দেশে এখন আইনের শাসন আছে।”

সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, “অন্যায় করলে আইন আদালতও তার নিজস্ব গতিতে চলবে। অন্যায় করলে কোনোভাবেই পার পাওয়া যাবে না।”

আরও পড়ুন

দুর্নীতির দায়ে সাবেক প্রধান বিচারপতি সিনহার সাজার রায়  

‘বেআইনিভাবে’ প্লট নিয়ে ‘অবৈধ টাকায়’ বাড়ি করার মামলা এসকে সিনহার বিরুদ্ধে

আত্মসাৎ: এস কে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ভাই, ভাতিজা