২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যার রায় কার্যকরে ‘সর্বোচ্চ চেষ্টা চলছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার রায় কার্যকরের ‘সর্বোচ্চ’ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 02:27 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

জাতীয় চার নেতা হত্যার দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যেখানে চার নেতাকে হত্যা করা হয়েছিল, ঢাকার সেই পুরাতন কেন্দ্রীয় কারাগারে গড়ে তোলা হয়েছে জাদুঘর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে দুটি ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটেছে। যার মধ্যে একটি ১৫ আগস্ট, অন্যটি ৩ নভেম্বর জেলহত্যার ঘটনাটি। এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে তা সবাই জানে। অনেক হত্যাকারীর বিচার হয়েছে, এদেরও হবে।

আসাদুজ্জামান খাঁন বলেন, “জেলখানা পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান। কিন্তু কীভাবে আইন ভঙ্গ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সবাই জানে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং রায় আংশিক কার্যকর হয়েছে।

“আর যারা পলাতক আসামি রয়েছেন তাদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি। যখন আসামিদের নিজেদের আওতায় পাবো তখনই ফাঁসির রায় কার্যকর হবে। জেল হত্যার রায় কার্যকরের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নিচ্ছি।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মধ্যবয়সী এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তার বাবাকে ১৯৭৭ সালে হত্যা করা হয়েছে এই কারাগার। তার বিচার আজও  পাননি।

এ বিষয়ে মন্ত্রী বলেন,“১৯৭৭ সালে সেনা বিদ্রোহের নামে অনেককে হত্যা করা হয়েছে। তাদের সন্তান, স্ত্রী আত্মীয়-স্বজন জানেন না মৃতদেহ কোথায়? ওই বছর নিহতদের পরিবারের সদস্যরা জেলখানায় এসে আজ বিচারের দাবি জানাচ্ছে।”

তিনি বলেন, “পরিবারের সদস্যরা উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন। উচ্চ আদালতের সেই রিট আবেদনের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা চাই সব দোষীদের যেন বিচার হয়।”

জাতীয় চার নেতার মধ্যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ, মেয়ে সিমিন হোসেন রিমি এবং শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন।

সোহেল তাজ বলেন, “জাতীয় চার নেতার খুনিদের শাস্তি চাওয়ার পাশাপাশি এই নেতাদের জীবনীগুলো নতুনভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে যদি তুলে ধরতে পারতাম, তাহলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হত এবং ভবিষ্যতে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আরও সহায়ক হত।”

সিমিন হোসেন রিমি বলেন, “বঙ্গবন্ধুর হত্যাকারী এবং জেল হত্যাকারীদের প্রায় সবাই একই মানুষ। আমাদের এখন দাবি, বিশ্বের সকল দেশে যেমন একটা বিচার বিভাগীয় ব্যবস্থা থাকে। পাশাপাশি একটি স্বাধীন কমিশন গঠন করা হয়।

“জেলে ঢুকল, হত্যা করল, চলে গেল? কিন্তু সেটা না। এটার পেছনে যারা কুশীলব, এটা জানার জন্য...স্বাধীন বিচার বিভাগীয় কমিশনার গঠন করা হয়।”

জেলহত্যার পর ২১ বছর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জেলহত্যা মামলা পুনরুজ্জীবিত করে।

১৯৯৮ সালের ১৫ অক্টোবর এ মামলায় আসামি সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারপর বিচারিক আদালতে রায় হয়।

তবে শুধু সেনাসদস্য মোসলেউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০০৮ সালের ২৮ আগস্ট হাই কোর্ট আপিলের রায় দেয়। ওই রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি মারফত আলী এবং আবুল হোসেন মৃধাকে খালাস দেওয়া হয়।

নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহাম্মদকেও খালাস দেওয়া হয়।

হত্যাকাণ্ডের দীর্ঘ ২৯ বছর পর এর বিচারের রায় হলেও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনের রায়’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন। তাদের অভিযোগ, জেলহত্যার ষড়যন্ত্রের দায়ে কাউকে শাস্তি দেওয়া হয়নি।

আওয়ামী লীগ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন হওয়ার পর ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়।

২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।

কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাই কোর্টের রায়ে বাদ পড়লেও ২০১৩ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগ দফাদার মারফত আলী শাহ ও এল ডি দফাদার আবুল হাসেম মৃধার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয়।

আরও পড়ুন

জেল হত্যা দিবসে স্মরণে জাতীয় চার নেতা  

জেল হত্যায় মারফত ও হাশেম মৃধার মৃত্যুদণ্ড  

জেল হত্যা: রায় ৩০ এপ্রিল