২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা: রায় ৩০ এপ্রিল

জাতীয় চার নেতা হত্যা মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে আগামী ৩০ এপ্রিল রায়ের দিন রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 07:23 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

বুধবার পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ রায়ের এই দিন রাখে। 

এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষে আপিল শুনানি করেন এ মামলায় অ্যাটর্নি জেনারেলের মর্যাদায় নিযুক্ত প্রধান প্রসিকিউটর আনিসুল হক। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও শুনানিতে অংশ নেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজররুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।

ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের।

খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর।

ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাই কোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। রায়ে মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাই কোর্ট।

হাই কোর্টের রায়ে আট সেনা কমকর্তার সাজা বহাল রাখা হয়। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর।

কিন্তু এই বিচার সঠিকভাবে হয়নি- এমন অভিযোগ করে চার নেতার পরিবারের সদস্যরা রায় পুনঃবিচার দাবি জানান। সরকারের কয়েকজন মন্ত্রীও পুনর্বিচারের কথা বলেন। তবে বিচারকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কায় ওই অবস্থান থেকে সরে আসে সরকার।

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়।

২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।

কাকতালীয়ভাবে মুজিবনগর দিবসেই এই চার নেতা হত্যা মামলার চূড়ান্ত আইনি লড়াইয়ের শুনানি শেষ হলো, ১৯৭১ সালের এই দিনে এই চার নেতার নেতৃত্বে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার নিভৃত এক আমবাগানে শপথ নিয়েছিল স্বাধীন বাংলার অস্থায়ী বিপ্লবী সরকার।

আসামি পক্ষের আইনজীবী মামুনের বক্তব্যের পর রাষ্ট্রপক্ষে তার যু্ক্তির জবাব দেন এ মামলায় অ্যাটর্নি জেনারেলের মর্যাদায় নিযুক্ত প্রধান প্রসিকিউটর আনিসুল হক। আসামি পক্ষের বক্তব্যের জবাব দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও।

আব্দুল্লাহ আল মামুন বলেন, রাষ্ট্রপক্ষ বলেছে আসামিরা রাত ৩টায় বঙ্গভবন থেকে বের হয়ে চার নেতাকে হত্যা করে আবার ৬টায় ফিরে এসেছে। এটা সম্ভব না। কারণ রাষ্ট্রপক্ষের সাক্ষীতেই সাফায়েত জামিল বলেছেন- তারা ওইদিন বঙ্গভবন ঘেরাও করে রেখেছিলেন। তাহলে আসামিরাতো ঘেরাওয়ের মধ্যে ছিলেন। তারা ঘেরাও থেকে গিয়ে কীভাবে হত্যা করে আবার ঘেরাওর মধ্যে ফিরলেন।

“এছাড়া খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে কেন্দ্রীয় কারাগারে টেলিফোন করেছেন বলেও দাবি করা হয়। যেখানে মোশতাক সেনা সদস্যদেরকে যে কোন কাজ করতে দিতে জেল কর্তৃপক্ষকে বলেছেন বলে বলা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের সাক্ষীরাই বলেছে- সেদিন টেলিফোন লাইন কেটে দেয়া হয়েছিলো। টেলিফোন লাইন কাটা থাকলে টেলিফোন করলেন কীভাবে? তার মানে, অন্য কোন কারণে আসামিদেরকে এই মামলায় জড়ানো হয়। তারা এই হত্যাকাণ্ডে জড়িত নয়।”

জবাবে আনিসুল হক বলেন, সাফায়েত জামিল বলেছেন, তারা সোনারগাঁও রোড, সাইন্সল্যাব ও ক্যান্টনমেন্ট মসজিদের সামনে পাহারা বসিয়েছেন। বঙ্গভবন ঘেরাওয়ের কথা সেখানে নেই। তাই আসামি পক্ষের যুক্তি সঠিক নয়। এছাড়া বঙ্গভবনের সঙ্গে সব টেলিফোন লাইন কাটা ছিল-এটাও কোথাও বলা নেই। বরং ক্যান্টনমেন্টের সঙ্গেই টেলিফোন লাইন বিচ্ছিন্ন ছিল বলে বলা হয়েছে।

“তাই বলা যায়, এই মামলায় কিছু মানুষ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে। কিছু মানুষ ষড়যন্ত্রে অংশ নিয়েছে। আপিল বিভাগ চাইলে সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে উভয় ধরনের মানুষকে দণ্ড দিতে পারে।”

অবশ্য এ বক্তব্যের বিরোধিতা করেন মামুন।

তিনি বলেন, আপিল বিভাগ তাদের সামনে করা আবেদনই বিবেচনা করতে পারে। তারা ষড়যন্ত্রকারীদের বিষয়টি আপিলে বলে নাই। হাই কোর্টেও এ বিষয়ে আপিল করে নাই। তাই তাদের বিষয়টি আদালত বিবেচনা করতে পারবে না।

পরে আনিসুল হক সাংবাদিকদের বলেন, “১৯৭১ সালের এই দিনে এই চার নেতার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আজ সেই দিনেই তাদের হত্যার বিচারের চূড়ান্ত শুনানি শেষ হলো। এ কারণে আজ একটি ঐতিহাসিক দিন।”

আসামিরা পলাতক থাকায় আপিল বিভাগে তাদের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। এ কারণে আদালত দুই আসামির পক্ষে শুনানি করতে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ করেন।

পুরনো খবর:

জেলহত্যায় ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ দণ্ড চায় রাষ্ট্রপক্ষ