জেলহত্যায় ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ দণ্ড চায় রাষ্ট্রপক্ষ
জেল হত্যার ঘটনায় ষড়যন্ত্রকারী রাজনৈতিক ও সেনা কর্মকর্তাদের সর্বোচ্চ সাজা চেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর মাধ্যমেই এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর আদালত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন শুনানি করেন।
মাহবুবে আলম বলেন, মনসুর আলীকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়া হয়। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে কামরুজ্জামানকেও এই প্রস্তাব দেয়া হয়। চার নেতার বাকি দুইজনকেও একইভাবে মন্ত্রিসভায় যোগ দিতে বলা হয়।
“তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শাহ মোয়াজ্জেমতো বলেছিলেন, তোমাদেরকেও ১৫ অগাস্টের পরিণতি বরণ করতে হবে।”
“ঘটনার পূর্বের দিনে মেজর ডালিম কারাগারে গিয়ে কোন নেতা কোথায় থাকেন তা দেখে আসেন। ওই সন্ধ্যায় কর্নেল রশিদও ফোন করে কারাবন্দি চার নেতার অবস্থান জানতে চেয়েছিলেন। একইদিন বঙ্গভবনে তিনবার বৈঠক হয়। সন্ধ্যায়, রাত সাড়ে ৯টায় এবং রাত সাড়ে ১২টায়।”
“সাড়ে ১২টার বৈঠকের পর দফাদার মারফত আলী এবং রশিদের নেতৃত্বে দুইটি দল বঙ্গভবন থেকে বের হয়ে যায়। মারফত আলীর নেতৃত্বে যাওয়া দল গিয়ে চার নেতাকে হত্যা করে। আর রশিদের দল গিয়ে পরে বেয়নেট চার্জ করে।”
এই ঘটনাকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারী রশিদ ডামিলরা দেশে থাকা অবস্থায় চার নেতার লাশ কারাগারেই পড়ে ছিল। দেশত্যাগ করার পর লাশ স্বজনদের দেয়া হয়।
“রাজনীতিবিদদের মধ্যে খন্দকার মোশতাক, শাহ মোয়াজ্জেম, তাহের উদ্দিন ঠাকুর, কেএম ওবায়েদুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুর এবং মাহবুব আলম চাষী। আমি মনে করি, এদেরকেসহ ষড়যন্ত্রকারী সেনা কর্মকর্তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত।”
মাহবুবে আলম বলেন, “এজন্য প্রয়োজনে প্রথমে কেন তাদেরকে শাস্তি দেয়া হবে না- মর্মে নোটিস দেয়া যেতে পারে। ষড়যন্ত্রের অভিযোগে ষড়যন্ত্রকারীদের চরমদণ্ড দিলেই কেবল সঠিক রায় দেয়া হবে বলে আমি মনে করি।”
নিম্ন আদালত ও হাই কোর্টের বিচার যথাযথ হয়নি দাবি করে গত মঙ্গলবার এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সংবিধানের ১০৪ অনুচ্ছেদে অনুসারে ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ প্রার্থনা করেন।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদঘাটন বা দাখিল করার আদেশসহ আপিল বিভাগের কাছে বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হতে পারে, উক্ত বিভাগ সেরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করিতে পারবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান ঘোষিত রায় রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের।
এছাড়া বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর খালাস পান।
ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাই কোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আসামি দফাদার মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনকেও খালাস দেয় হাই কোর্ট।
হাই কোর্টের রায়ে আট সেনা কমকর্তার সাজা বহাল রাখা হয়। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর।
এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের বিরুদ্ধে আপিলের আবেদন অকার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়।
কিন্তু এই বিচার সঠিকভাবে হয়নি অভিযোগ করে চার নেতার পরিবারের সদস্যরা পুনর্বিচারের দাবি জানায়।
সরকারের কয়েকজন মন্ত্রীও পুনর্বিচারের কথা বলেন। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়।
২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।
আদেশে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত তবে হাই কোর্টের রায়ে খালাস পাওয়া দফাদার মারফত আলী শাহ ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
আপিলের অনুমতি পাওয়ার এক বছর আট মাস পর আলোচিত জেল হত্যা মামলায় আপিলের সংক্ষিপ্তসার গত ১ নভেম্বর আপিল বিভাগে জমা দেয় রাষ্ট্রপক্ষ।
এরপর গত ১২ ডিসেম্বর এই মামলায় পলাতক দুই আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেয় আদালত।
পরে জানুয়ারি মাসে মামলার মূল শুনানি শুরু হয়।
